শেখ হাসিনাকে ফেরত ও ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক পাশাপাশি চলবে
সিলেটের সময় ডেস্ক :
ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনা ও ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক পাশাপাশি চলবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে। যদি শেখ হাসিনাকে ফেরত না দেওয়া হয় ঢাকা-দিল্লির সম্পর্ক স্বাভাবিক হবে কি না, জানতে চাওয়া হলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দেখুন, আমি মনে করি দুটোই পাশাপাশি চলবে। এটা হলো একটা ইস্যু। আমাদের আরও অনেক স্বার্থের ইস্যু আছে দুই পক্ষের। আমরা সেগুলো নিয়েও পাশাপাশি আগাব।’
রোহিঙ্গা সঙ্কট নিয়ে তৌহিদ হোসেন বলেন, ‘রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে একটি নিরাপদ পরিবেশ প্রয়োজন। তা নাহলে তারা ফিরতে চাইবে না। নতুন বছরে কূটনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার চেষ্টা করা হবে ‘
উল্লেখ্য, প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চেয়ে সম্প্রতি দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক পত্র পাঠানো হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, শেখ হাসিনাকে ফেরত পেতে ভারতের চিঠির জন্য অপেক্ষা করবে বাংলাদেশ। ভারতের কাছ চিঠির জবাব পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
