হাসিনা অধ্যায় শেষ, বাস্তবতা মেনে নেওয়ার সময় এসেছে ভারতের : ফারুকী

সিলেটের সময় ডেস্ক :

 

জনপ্রিয় নির্মাতা ও অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, হাসিনা অধ্যায় শেষ। বাংলাদেশের মানুষ সেই অধ্যায় চিরতরে বন্ধ করে দিয়েছে। এই বাস্তবতা মেনে নেওয়ার সময় এসেছে ভারতের। বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন তিনি।

 

উপদেষ্টা বলেন, ভারতীয় বন্ধুদের বোঝা উচিত, গণহত্যার দায়ে অভিযুক্ত একজন খুনিকে আতিথ্য করা বাংলাদেশি জনগণের অনুভূতির প্রতি আঘাত। পরিস্থিতি আরো খারাপ করেছে ভারতীয় মিডিয়ার প্রোপাগান্ডা সংবাদ।  অথচ এমন পরিস্থিতিতে ভারতের জন্য বুদ্ধিদীপ্ত কাজ হতো বাংলাদেশের সঙ্গে একটি নতুন সম্পর্কের সেতু গড়ে তোলা।

ভারতের মুসলিম ও খ্রিস্টান সম্প্রদায়ের চেয়ে বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠী অনেক ভালো আছে উল্লেখ করে ফারুকী বলেন, আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিকদের আমাদের দেশে এসে বাস্তবতা দেখে সংবাদ প্রকাশে স্বাগত জানাই।

 

আমরা দেখেছি, ভারতীয় মিডিয়ায় ছড়িয়ে পড়া অসংখ্য খবর ভুল প্রমাণ করেছেন বিবিসি, আলজাজিরাসহ স্বনামধন্য গণমাধ্যমের ফ্যাক্ট চেকাররা। এটাও উল্লেখ করা দরকার—পূর্ববর্তী সরকারের তুলনায় বাংলাদেশে সংখ্যালঘু সম্পর্কিত ঘটনার সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। আর যেসব ঘটনা ঘটেছে, সেখানেও রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে।

উপদেষ্টা আরো বলেন, ভারতীয় বন্ধুদের মনে রাখা দরকার, তারা যে অত্যাচারী শাসককে আশ্রয় দিয়েছে, পর পর তিনটি নির্বাচনে সে মানুষের ভোটাধিকার হরণ করেছিল; ঘনিষ্ঠদের মাধ্যমে ২৩৪ বিলিয়ন ডলার আত্মসাৎ, গত ১৬ বছরে মতের বিরুদ্ধে যাওয়া হাজার হাজার মানুষকে সে হত্যা করেছে, শুধু গত জুলাইয়ে দেড় হাজার মানুষকে হত্যা করেছে, হাজারো মানুষকে গুম করেছে, যারা আর ফিরে আসেনি।

এত সব অপরাধের জন্য যার বিচার হতে যাচ্ছে, ভারত কেন আশা করে আমরা তাকে (শেখ হাসিনা) এখনো ভালোবাসবো? আমাদের ভারতীয় বন্ধুরা কি আশা করে যে জার্মানরা হিটলারকে ভালোবাসবে?
এ বিভাগের অন্যান্য