ছাদ থেকে ছাত্রলীগ কর্মীদের ফেলে দেওয়ার ঘটনায় মামলা
চট্টগ্রাম নগরীতে কোটা সংস্কার আন্দোলনের সময় একটি ভবনের ছাদ থেকে ছাত্রলীগের কর্মীদের ফেলে দেওয়ার ঘটনায় মামলা করা হয়েছে। এতে ৫০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরো ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়। গতকাল রবিবার পাঁচলাইশ থানায় এক ভুক্তভোগী বাদী হয়ে এই মামলা করেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (পিআর) কাজী মো. তারেক আজিজ এ তথ্য নিশ্চিত করেছেন।
২৪ ঘণ্টায় ৫০ জন গ্রেপ্তার, মোট ৮৯৭
কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম নগরী ও জেলায় ৩১ মামলায় এই পর্যন্ত ৮৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
কাজী মো. তারেক আজিজ বলেন, নগরীতে কোটা আন্দোলনে হত্যা, দাঙ্গা, সন্ত্রাসী কার্যক্রম ও নাশকতার ২০ মামলায় গত ২৪ ঘণ্টায় ৪০ জনকে গ্রেপ্তার করেছে। এসব মামলায় এখন পর্যন্ত ৫১৬ জন নাশকতাকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম জেলায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে চট্টগ্রাম জেলায় ৩৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
