যুদ্ধ শেষ করতে পরিকল্পনা প্রস্তুত করছেন জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি শুক্রবার বলেছেন, কিয়েভ যেভাবে রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ হওয়া উচিত বলে বিশ্বাস করে, সেভাবে তিনি একটি ‘সামগ্রিক পরিকল্পনা’ তৈরি করছেন।
শুক্রবার জেলেনস্কি বলেন, ‘বিশ্বের সংখ্যাগরিষ্ঠ সমর্থন পাবে—যুদ্ধের অবসানের এমন পরিকল্পনা দেখানো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’ স্লোভেনিয়ার প্রেসিডেন্ট নাতাসা পিরক মুসারের সঙ্গে কিয়েভে এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, ‘এটি আমাদের কাজ করার কূটনৈতিক পথ।’
ইউক্রেন ও রাশিয়ার মধ্যে কোনো প্রকাশ্য আলোচনা চলছে না।
ইউক্রেন বারবার বলেছে, শান্তি আলোচনা শুরুর আগে রাশিয়াকে অবশ্যই আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইউক্রেনীয় অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করতে হবে।
ব্রাসেলসে বৃহস্পতিবার জেলেনস্কি বলেছিলেন, তিনি কয়েক মাসের মধ্যে একটি ‘বিশদ পরিকল্পনা’ উপস্থাপন করবেন। সেনা ও বেসামরিকদের মধ্যে হতাহতের উচ্চ হারের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘আমাদের হাতে খুব বেশি সময় নেই।’
এদিকে রুশ সেনারা ধীরে ধীরে যুদ্ধক্ষেত্রে অগ্রসর হচ্ছে।
ইউক্রেন আক্রমণকারী রুশ বাহিনীকে মোকাবেলায় পশ্চিমা আর্থিক ও সামরিক সহায়তার ওপর নির্ভর করে। তবে কিয়েভের সেনারা দুই বছরেরও বেশি সময় ধরে লড়াইয়ের পরে অস্ত্র ও জনবল সংকট এবং ক্লান্তিতে ভুগছে।
সূত্র : এএফপি
