নভোচারীদের জন্য নতুন পোশাক উন্মোচন করল প্রাডা
আন্তর্জাতিক ডেস্ক ঃ
মহাকাশ গবেষণা ও বিলাসবহুল ফ্যাশন শিল্পের মধ্যে নতুন এক যুগের সূচনা করেছে ইতালির খ্যাতনামা ফ্যাশন ব্র্যান্ড প্রাডা। নাসার ভবিষ্যৎ চন্দ্রাভিযানে ব্যবহারের জন্য নভোচারীদের বিশেষ অভ্যন্তরীণ পোশাক উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি।
মহাকাশ অবকাঠামো নির্মাতা প্রতিষ্ঠান অ্যাক্সিওম স্পেসের সঙ্গে যৌথভাবে তৈরি এই বিশেষ পোশাকটি রোববার নিউইয়র্কের ম্যানহাটনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রদর্শন করা হয়। পোশাকটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে দীর্ঘ সময় মহাকাশে অবস্থানের সময় নভোচারীরা আরামদায়ক অনুভব করেন এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারেন।
পোশাকটির ভেতরে বিশেষভাবে তৈরি বায়ু চলাচলের নল সংযোজন করা হয়েছে, যা শরীরকে শীতল রাখতে এবং বাতাসের সঞ্চালন নিশ্চিত করতে সহায়তা করবে। বিশেষজ্ঞদের মতে, চাঁদের মতো প্রতিকূল পরিবেশে নভোচারীদের শারীরিক স্বাচ্ছন্দ্য বজায় রাখতে এ ধরনের প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে প্রাডার প্রধান বিপণন কর্মকর্তা লরেঞ্জো বার্তেল্লি নতুন পোশাকটি প্রদর্শন করে বলেন, ‘এ ধরনের প্রযুক্তিনির্ভর কাজের জন্য প্রয়োজনীয় দক্ষতা ও জ্ঞান আমাদের রয়েছে।’
অ্যাক্সিওম স্পেসের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাথন সার্টেইন বলেন, মহাকাশ প্রযুক্তির উন্নয়নে এমন অনেক শিল্পখাত অবদান রাখতে পারে, যেগুলোকে সাধারণভাবে মহাকাশ গবেষণার সঙ্গে সম্পর্কহীন মনে হয়। তার মতে, নতুন উদ্ভাবনের জন্য বিভিন্ন খাতের সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এর আগে ২০২৪ সালে প্রাডা ও অ্যাক্সিওম স্পেস যৌথভাবে একটি আধুনিক মহাকাশ স্যুট উন্মোচন করেছিল, যা ব্যাপক আলোচনার জন্ম দেয়। সেই স্যুটটি ২০২৮ সালে নাসার বহুল প্রতীক্ষিত ‘আর্টেমিস-৪’ চন্দ্রাভিযানে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। এবার সেই প্রকল্পেরই অংশ হিসেবে নভোচারীদের জন্য বিশেষ অভ্যন্তরীণ পোশাক সামনে আনা হলো।
বাজার বিশ্লেষকদের মতে, প্রাডার এই উদ্যোগ শুধু প্রযুক্তিগত নয়, কৌশলগত দিক থেকেও গুরুত্বপূর্ণ। বিলাসবহুল পণ্যের বাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করার পাশাপাশি ভবিষ্যতের মহাকাশ পর্যটন খাতের সম্ভাব্য গ্রাহকদের কাছেও পৌঁছাতে চাইছে প্রতিষ্ঠানটি।
নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ও বিলাসবহুল ব্র্যান্ড বিশেষজ্ঞ থোমাই সারদারি বলেন, ‘দীর্ঘদিন ধরেই ফ্যাশন জগৎ মহাকাশ থেকে অনুপ্রেরণা নিয়ে আসছে। তবে প্রাডা এবার কেবল অনুপ্রেরণার পর্যায়ে সীমাবদ্ধ না থেকে বাস্তব প্রযুক্তিগত অংশীদারিত্বে যুক্ত হয়েছে।’
তার মতে, এই উদ্যোগের দুটি প্রধান লক্ষ্য রয়েছে- মহাকাশ ভ্রমণে আগ্রহী ধনী গ্রাহকদের কাছে পৌঁছানো এবং প্রাডাকে আধুনিক ও ভবিষ্যতমুখী ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করা।
বর্তমানে বিশ্বের বিভিন্ন মহাকাশ কোম্পানি বাণিজ্যিক মহাকাশ ভ্রমণকে জনপ্রিয় করার চেষ্টা করছে। বিশেষ করে ধনী গ্রাহকদের জন্য মহাকাশ পর্যটনের নতুন বাজার গড়ে তোলার উদ্যোগ ইতোমধ্যে শুরু হয়েছে। এই প্রেক্ষাপটে মহাকাশ প্রযুক্তির সঙ্গে ফ্যাশন শিল্পের সংযোগ নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
তবে প্রাডার এই উচ্চাভিলাষী পদক্ষেপ এমন এক সময়ে এসেছে, যখন বৈশ্বিক বিলাসবহুল পণ্যের বাজার নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে। অর্থনৈতিক অনিশ্চয়তা, পর্যটন খাতের ধীরগতি এবং আন্তর্জাতিক সংঘাতের প্রভাবে ব্যয়বহুল পণ্যের চাহিদা কিছুটা কমেছে।
এদিকে মহাকাশ প্রযুক্তি খাতে অন্যান্য পোশাক ও ক্রীড়া সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠানও আগ্রহ দেখাচ্ছে। ইতোমধ্যে কয়েকটি আন্তর্জাতিক ব্র্যান্ড মহাকাশযান প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে বিশেষ পোশাক ও উপকরণ তৈরির কাজ শুরু করেছে।
বিশ্লেষকদের ধারণা, মহাকাশ গবেষণা ও পর্যটন খাতের সম্প্রসারণের সঙ্গে সঙ্গে ভবিষ্যতে আরও বিলাসবহুল ব্র্যান্ড এই খাতে বিনিয়োগ করতে পারে। তবে প্রত্যেক প্রতিষ্ঠানই নিজেদের স্বতন্ত্র পরিচয় বজায় রেখে নতুন উদ্ভাবনের মাধ্যমে বাজারে অবস্থান তৈরি করার চেষ্টা করবে।
প্রাডার এই উদ্যোগ মহাকাশ গবেষণা, প্রযুক্তি ও ফ্যাশনের মেলবন্ধনের এক নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে এবং ভবিষ্যতের মহাকাশ ভ্রমণকে আরও আরামদায়ক ও আধুনিক করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
