সহস্র দিনের দূরত্বে এক মুঠো স্মৃতি
নিজামুল হক হামিদী
আটটি বছর… শুধু সংখ্যায় আট মনে হলেও, দিনের হিসেবে তা সহস্র ছাড়িয়ে গেছে। কোথায়, কবে শেষ আমাদের চোখে চোখ পড়েছিল, কণ্ঠ মিশেছিল, আজ আর স্পষ্ট মনে নেই। এই দীর্ঘ সময়, আমি দূর প্রবাসে, আর আপনি প্রিয় মাতৃভূমির আলো-হাওয়ায় বেড়ে উঠেছেন।
তবুও, দূরত্ব কখনো আমাদের মনের আঙিনায় হানা দিতে পারেনি। আমার ভাবনাগুলো আজও আপনাদের ছায়াপথেই ঘুরে ফেরে। কত না অমলিন স্মৃতি ভিড় করে আসে মনের জানালায়!
সিলেট শহরের সেই অবারিত ভিআইপি বাড়ি… আপনাদের বাড়ি। রান্নাঘর থেকে শুরু করে অন্দরমহল পর্যন্ত ছিল আমাদের অবাধ আনাগোনা, যেন একান্নভুক্ত পরিবারের সদস্য ছিলাম আমরা।
আপনি সিলেট সিটি কর্পোরেশনের প্রথম জননন্দিত মেয়র, বদর উদ্দিন আহমদ কামরানের সুযোগ্য উত্তরসূরি। দীর্ঘ পথ আপনাদের সাথে হেঁটেছি, কিন্তু আপনার মাঝে কখনো অহংকারের সামান্যতম ছোঁয়াও দেখিনি। আপনি চাইলে অনেক সুযোগ নিতে পারতেন, কিন্তু আপনি ছিলেন ব্যতিক্রম। কোনো ব্যক্তি, কোনো মহল আজ পর্যন্ত আপনার বিরুদ্ধে একটিও অভিযোগ তুলতে পারেনি।
যখনই কেউ ছড়ারপাড়ের’ সেই ঐতিহাসিক বাড়িতে গেছে, আপনার হাসিমাখা মুখ আর পরিবারের আন্তরিক সেবা মুগ্ধ করেছে সবাইকে। কে কোন রাজনৈতিক মতাদর্শের, সে বিচার কখনো করেননি আপনি।
আগামীকাল আপনার শুভ জন্মদিন, প্রিয় বন্ধু। এই বিশেষ দিনের আগমন লগ্নেই আমার হৃদয় নিংড়ানো অগ্রিম শুভেচ্ছা নিন। জানি, আমার বাংলাদেশ আজ ভালো নেই, তবুও আমাদের মনোবল হারানো চলবে না।
আমার প্রার্থনা, আপনার আগামী জন্মদিন যেন আমরা উদযাপন করতে পারি এক বৈষম্যহীন, হিংসামুক্ত, সুখী ও সুন্দর বাংলাদেশে। মহান স্রষ্টার কাছে এই মিনতি জানাই।
আমার স্পষ্ট মনে আছে, আমার পিতার প্রয়াণের সেই কঠিন মুহূর্তে আপনি ছিলেন আমার পাশে। জানাজা শেষে, নিজ হাতে কবরস্থ করে তবেই আপনি ঘরে ফিরেছিলেন। আপনার পিতার সাথে আমার রাজনৈতিক সখ্যতা আমাদের চাচা-ভাতিজার সম্পর্কে বেঁধেছিল ঠিকই, কিন্তু সব সম্পর্কের ঊর্ধ্বে আমরা ছিলাম প্রাণের বন্ধু।
আজীবন এই বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক – সুখে-দুঃখে, হাসি-কান্নায় আমরা যেন একে অপরের পাশে থাকতে পারি।
অনেক কথা বলার ছিল, কিন্তু দৃষ্টি ঝাপসা হয়ে আসছে… (অবশ্যই ঝাপসা লাগবে, চল্লিশ পেরোনো চোখের কাছে আর বেশি আশা করা যায় না!) টাইপিং-এও ভুল হচ্ছে। বেঁচে থাকলে না হয় অন্য কোনো দিন মনের কথা উজাড় করে দেব, ইনশাআল্লাহ।
আল্লাহ আপনাকে সুস্থ রাখুন, নিরাপদে রাখুন এবং দীর্ঘজীবী করুন – এই আমার আন্তরিক দোয়া।
শুভ জন্মদিন, প্রিয় ডা: আরমান আহমদ শিপলু।
