ঢাকা-১৮ আসন থেকে প্রার্থী হওয়ার গুঞ্জন মীর স্নিগ্ধর
জুলাই অভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ আনুষ্ঠানিকভাবে বিএনপির প্রাথমিক সদস্যপদ সংগ্রহ করেছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে প্রাথমিক সদস্যপদ গ্রহণের সময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
একইসঙ্গে গুঞ্জন উঠেছে, তিনি ঢাকা-১৮ আসন থেকে দলের মনোনয়ন পেতে পারেন। এ আসনটির প্রার্থী এখনো পর্যন্ত ঘোষণা করেনি বিএনপি।
জুলাই অভ্যুত্থানের পর থেকে মীর মুগ্ধর পরিবার দেশজুড়ে আলোচনায় রয়েছে।
স্নিগ্ধকে এই আসনে মনোনয়ন দেওয়া হলে তা তরুণ ভোটার এবং জুলাই অভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ জনগোষ্ঠীর মধ্যে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছে দলের হাইকমান্ড। বিএনপি এখনো আনুষ্ঠানিকভাবে ঢাকা-১৮ আসনের প্রার্থীর নাম ঘোষণা না করায়, স্নিগ্ধর মনোনয়নের গুঞ্জন আরো জোরালো হচ্ছে।
