সৌদিতে ঈদের চাঁদ দেখার আহ্বান
আন্তর্জাতিক ডেস্ক ঃ
আগামী ২৭ মে বুধবার সৌদি আরবে পবিত্র ঈদুল আজহার চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। ২৭ মে জিলকদ মাসের ২৯তম দিন থাকবে। যদি ওইদিন সন্ধ্যায় সৌদির আকাশে চাঁদ দেখা যায় তাহলে এ বছর সৌদিতে ঈদুল আজহা উদযাপিত হবে ৬ জুন। সাধারণত সৌদি আরবের একদিন পরে বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়। সে অনুযায়ী দেশে ঈদুল আজহা উদযাপিত হবে ৭ জুন।
এ বছর জিলকদ মাস ২৯ দিনে হলে হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ আরাফাতের দিন পড়বে ৫ জুন। এদিন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত থাকবে আরাফাতের ময়দান। চলতি মাসের ৮ তারিখ থেকে শুরু হয় পবিত্র হজের কার্যক্রম। আর ১০ জিলহজে উদযাপিত হয় পবিত্র ঈদুল আজহা। এদিন পশু কোরবানি করেন বিশ্বের সব মুসল্লি।
সৌদির সুপ্রিম কোর্ট সাধারণ মানুষকে ২৭ মে সন্ধ্যায় চাঁদ দেখার অনুরোধ জানিয়ে বলেছে, ‘কেউ খালি চোখে অথবা দূরবীনের মাধ্যমে চাঁদ দেখেন তাহলে নিকটস্থ কোর্টে অবহিত করুন।’ কেউ সরাসরি কোর্টের সঙ্গে যোগাযোগ করতে না পারলে স্থানীয় কর্তৃপক্ষকে চাঁদ দেখার তথ্য জানানোর আহ্বানও জানিয়েছে সর্বোচ্চ আদালত।
