পরপর দুই সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, তবুও থামেননি চালক
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সমষপুর এলাকায় কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা লাগার পর প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষে উড়ে যায় বরিশাল এক্সপ্রেস নামের যাত্রীবাহী একটি বাসের ছাদ। তবু বাস না থামিয়ে ছাদবিহীন গাড়িটি ১০ কিলোমিটার পথ চালিয়ে নিয়ে যান চালক।
পরপর দুই দফা দুর্ঘটনার কবলে পড়ে আহত হয় বাসে থাকা অন্তত ২০ যাত্রী। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরের সমষপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় চালক বাসটি না থামিয়ে আরও বেপরোয়া গতিতে চালাতে থাকে।
যাত্রীরা বলেন, চালক দুর্ঘটনাস্থলের অদূরে হাইওয়ে পুলিশ ও সেনাবাহিনীর গাড়ি দেখে ছাদবিহীন চলন্ত বাস চালিয়ে ১০ কিলোমিটার দূরে পদ্মা সেতু উত্তর থানার লৌহজংয়ের কুমারভোগ এলাকার ছিদ্দিকীয়া মাদরাসার সামনে চলে আসে। এ সময় আহত যাত্রীদের ‘বাঁচাও বাঁচাও চিৎকার’ শুনে ছাদবিহীন বাসটি আটক করে জনতা।
