নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট : ফখরুল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গতকাল মঙ্গলবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যে রোডম্যাপ দিয়েছেন, তা অস্পষ্ট বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট কথা। এটা কোনো রোডম্যাপ ঘোষণা হয়নি।
বুধবার সকাল সাড়ে ৯টায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের পর এ কথা বলেন তিনি।
ফখরুল বলেন, বিএনপি নির্বাচনের কথা বলে ক্ষমতায় যেতে নয়, জনগণের ভোটাধিকার আদায়ের জন্য। নির্বাচিত সরকারই পারে সংকট সমাধান করতে।
তিনি বলেন, গতকাল উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যে তিনি রোডম্যাপের কথা বলেননি। আমরা হতাশ হয়েছি তার বক্তব্যের মধ্যে তিনি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম একবারও উচ্চারণ করেননি। অথচ এটাই ছিল ইতিহাস।
