মন্দিরের প্রতিমা ভাঙায় ছেলেকে পুলিশে দিলেন বাবা
লক্ষ্মীপুরের রায়পুরে মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর করায় জাকির হোসেন (৩০) নামের এক যুবককে পুলিশে দিয়েছেন তারই বাবা। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে পৌর শহরের গেঞ্জিহাটা এলাকার শ্রী শ্রী মহামায়া মন্দিরে ঢুকে জাকির একটি প্রতিমা ভাঙচুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) জামিলুল হক। জাকির চরমোহনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মনির আহমেদের ছেলে।
সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) জামিলুল হক বলেন, মন্দিরের বাইরের একটি সিসি ক্যামেরার ফুটেজ দেখে জাকিরকে শনাক্ত করতে পেরেছি। তিনি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। জিজ্ঞাসাবাদ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
