মাইকেল চাকমাকে সাত দিনের মধ্যে পাসপোর্ট দিতে নির্দেশ
রাজনৈতিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নেতা মাইকেল চাকমাকে সাত দিনের পাসপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরকে এই নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) মাইকেল চাকমার রিটে প্রাথমিক শুনানির পর বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।
শেখ হাসিনা সরকারের পতনের দুই দিন পর খোঁজ মেলে মাইকেল চাকমার।
পাসপোর্টের জন্য আবেদনকারী (মাইকেল চাকমা) প্রয়োজনীয় সব কাগজপত্র সরবরাহ করার পরও তাকে পাসপোর্ট দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মৌখিক অস্বীকৃতি কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও বেআইনি ঘোষণা করা হবে না, জানতে চাওয়া হয়েছে রুলে। সেই সঙ্গে মাইকেল চাকমাকে নির্ধারিত সময়ের মধ্যে পাসপোর্ট দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট বিবাদীদের রুলের জবাব দিতে বলেছেন হাইকোর্ট।
২০১৯ সালের ৯ এপ্রিল নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে মাইকেল চাকমাকে তুলে নিয়ে যাওয়া হয় বলে তার পরিবার ও দলের অভিযোগ।
