টাঙ্গাইলে মাইকে ঘোষণা দিয়ে তিন গ্রামের সংঘর্ষ, আহত ১৫

সিলেটের সময় ডেস্ক :

 

টাঙ্গাইলের কালিহাতীর শোলাকুড়ায় সালিশী বৈঠকে পক্ষপাতিত্বের অভিযোগে মাইকে ঘোষণা দিয়ে তিন গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। সোমবার (৩ মার্চ) দুপুর থেকে বিকাল পর্যন্ত কয়েক দফায় এই সংঘর্ষ হয়। এই ঘটনায় অন্তত ১৫ জন আহত হন।

স্থানীয়রা জানায়, শুক্রবার বাংড়া ইউনিয়নের ‘পীরসাব’ বাড়িতে একই ইউনিয়নের মুলিয়া এবং সাকরাইল গ্রামের লোকজনদের সঙ্গে কথাকাটাকাটি হয়।

এ নিয়ে দুই গ্রামের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বিষয়টি মীমাংসা করতে সোমবার দুপুরে মুলিয়া গ্রামে একটি সালিশী বৈঠকের আয়োজন করা হয়। 

ওই সালিশী বৈঠকে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শুকুর মাহমুদ বিরোধ মিটিয়ে দেওয়ার দায়িত্ব দেন। বৈঠক চলাকালে পুলিশের উপস্থিতির জেরে পুনরায় দুই গ্রামবাসীর মধ্যে কথাকাটাকাটি শুরু হয়।

এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় শুকুর আহত হন। আহত হওয়ার খবর তার নিজ গ্রাম সহদেবপুর পৌঁছলে তারা এসে ওই সংঘর্ষে লিপ্ত হন। এরপর ত্রিমুখী সংঘর্ষে সালিশী বৈঠকে আসা স্থানীয় বিএনপির অন্তত ১৫ নেতাকর্মী গুরুতর আহত হন।
এ সময় শোলাকুড়া বাজারে হামলা চালিয়ে ১৮-২০টি ব্যবসাপ্রতিষ্ঠান এবং বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর এবং দোকানগুলোতে লুটপাট চালানো হয়। শুধু তা-ই না, টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের তিন দিকে তিন গ্রামবাসী অবস্থান নিয়ে দফায় দফায় ইটপাটকেল নিক্ষেপ করায় যানচলাচল বন্ধ হয়ে যায়।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া কালের কণ্ঠকে বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনায় তিন গ্রামের মধ্যে সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিভাগের অন্যান্য