সাবেক মেয়র আতিকুলসহ ৬ জনকে কারাগারে রাখার নির্দেশ

সিলেটের সময় ডেস্ক :

 

মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র মো. আতিকুল ইসলাম এবং আওয়ামী লীগের পাঁচ নেতাকে গ্রেপ্তার দেখিয়ে তাদের কারাগারে রাখার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

প্রসিকিউশনের আবেদনে সোমবার (১৭ ফেব্রুয়ারি) চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

কারাগারে পাঠানো অন্য পাঁচজন হলেন রাজধানীর উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক মো. শাহিনুর মিয়া, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর উত্তরের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন এবং মো. বশির উদ্দিন।

এই ছয়জনের বিষয়ে আগামী ৯ মার্চ তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলেছেন ট্রাইব্যুনাল। 

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের আবেদনে শুনানি করেন প্রসিকিউটর গাজী মনোয়ার হুসাইন তামিম ও বি এম সুলতান মাহমুদ। শুনানিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন প্রসিকিউটর তামিম। আর প্রসিকিউটর সুলতান মাহমুদ বলেন, ‘গণ-অভ্যুত্থানের সময় উত্তরায় ২০০ মানুষকে হত্যা করা হয়েছে।

এর দায় আসামিরা কোনোভাবেই এড়াতে পারেন না। উত্তরার হত্যাকাণ্ডে বিভিন্ন থানায় মামলা হয়েছে। এসব মামলায় অনেককে আসামি করা হলেও ট্রাইব্যুনালের মামলায় এই ছয়জনকে আসামি করা হয়েছে। সাক্ষীরা এই ছয় আসামির নাম বলেছেন।
’এরপর এই ছয়জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আরজি জানানো হলে ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ১১ ফেব্রুয়ারি প্রসিকিউশনের আবেদনে আতিকুল ইসলামসহ ছয়জনকে ট্রাইব্যুনালে হাজির করতে নির্দেশ দিয়েছিলেন।

এ বিভাগের অন্যান্য