আ. লীগের মন্ত্রী-এমপিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ, ‘আপা’ নামে যুক্ত শেখ হাসিনা
গণ-অভ্যুত্থানে পতিত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপি ও নেতাকর্মীদের উজ্জীবিত করতে দলটির শীর্ষ নেতাদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। এ লক্ষ্যে দলটির সাবেক মন্ত্রী ও এমপিদের নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপও খোলা হয়েছে।
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতে পাড়ি জমান শেখ হাসিনাসহ সাবেক মন্ত্রী, এমপি ও দলের নেতাকর্মীরা। আর দেশে থাকা অনেকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার হতে থাকেন।
হোয়াটসঅ্যাপ গ্রুপ প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেসকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নাহিম রাজ্জাক বলেন, ৩০-৪০ জন সাবেক মন্ত্রী ও এমপি এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে যুক্ত আছেন।
আত্মগোপনে থাকা এসব মন্ত্রী-এমপি বাংলাদেশে ফিরে নির্বাচনে অংশগ্রহণ করতে চান জানিয়ে নাহিম রাজ্জাক আরো বলেন, ‘যদি দেশে ফিরে নির্বাচনের দাবি জানাই, তাহলে আমাদের সবাইকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। আওয়ামী লীগ আলোচনায় বসতে এবং নির্বাচন নিয়ে কথা বলতে প্রস্তুত। কিন্তু এর জন্য কোনো পরিবেশ নেই।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ নেতাদের প্রায় সবার জামিনের আবেদন প্রত্যাখ্যান করা হচ্ছে। তার মতে, আওয়ামী লীগের নেতারা ভয়াবহ এক পরিস্থিতিতে অসহায় অবস্থায় আত্মগোপনে রয়েছেন। এখন পর্যন্ত আমাদের কোনো বিচারিক অধিকার নেই। কেউ জামিন পাচ্ছেন না।
