দেশের স্বাধীনতা নিয়ে আমরা চরম উদ্বিগ্ন : চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম চরমোনাই পীর বলেছেন, বর্তমান সরকার সদ্য ভারতের সঙ্গে ১০টি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তিগুলো বাংলাদেশের জন্য কল্যাণকর নয় বলে ইতিমধ্যে বিরোধী দলগুলো জাতির সামনে তুলে ধরে বক্তব্য দিয়েছে। সরকারের দেশবিরোধী, ইসলামবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে ছাত্রসমাজকে জেগে উঠতে হবে।
আজ শনিবার (২৯ জুন) ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম জেলা পূর্ব শাখার উদ্যোগে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত নবীন ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পীর সাহেব চরমোনাই এসব কথা বলেন।
তিনি বলেন, দেশপ্রেমিক ঈমানদার জনতাকে সজাগ ও সতর্ক থাকতে হবে।
দেশের শিক্ষাব্যবস্থার পাঠ পরিকল্পনা নিয়ে সমালোচনা করে পীর সাহেব বলেন, শিক্ষা কারিকুলামের মাধ্যমে আমাদের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে সরকার। ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে যেকোনো ত্যাগ ও কোরবানির জন্য ছাত্রসমাজকে প্রস্তুত থাকতে হবে।
পীর সাহেব বলেন, জাতি ও মানবতার কল্যাণে মানবতার মহানবী (সা.)-এর পরিগ্রহ সোনালি সমাজব্যবস্থা প্রতিষ্ঠার দিকে সবাইকে ফিরে আসতে হবে।
