ডেঙ্গু: তিন বিভাগে ৮৫ শতাংশ রোগী
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টারের তথ্য মতে, চলতি বছর ঢাকার বাইরে ৮৫ শতাংশ ডেঙ্গু রোগী তিন বিভাগে। সবচেয়ে বেশি ৯৮০ জন আক্রান্ত হয়েছে চট্টগ্রাম বিভাগে। এই বিভাগের চট্টগ্রাম, চাঁদপুর ও কক্সবাজার জেলায় সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে। এরপর বরিশাল বিভাগের বরিশাল, বরগুনা ও পিরোজপুরে আক্রান্তের হার বেশি।
সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) উপদেষ্টা মুশতাক হোসেন কালের কণ্ঠকে বলেন, মৌসুমের শুরুতে বৃষ্টিপাত কম হওয়ায় এবং এর সঙ্গে তাপমাত্রা বেশি থাকায় এডিস মশার প্রজনন এখনো বাড়েনি। তবে গত বছরের চেয়ে এ বছর পরিস্থিতির খুব একটা উন্নতি হবে না, বরং অবনতির আশঙ্কা বেশি।
মুশতাক হোসেন বলেন, ‘ঢাকার দুই সিটি ডেঙ্গু নিয়ন্ত্রণে যেহেতু কাজ করছে, এর কিছুটা ফল আমরা পাব। তবে ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে হলে একসঙ্গে সারা দেশে কাজটা করতে হবে। কিন্তু সেটি হচ্ছে না। সিটি করপোরেশন পর্যায়ে সীমাবদ্ধ। ফলে ঢাকায় যদি সাময়িক সময়ের জন্য মশা কমেও যায়, কিছুদিন পর হয়তো শূন্যস্থান পূরণ হয়ে যাবে।’
তিনি বলেন, কোনো দেশে ডেঙ্গু শুরু হলে এটি শেষ হয়ে যায় না। তবে একে নিয়ন্ত্রণ করা সম্ভব। কিন্তু সে জন্য জরুরি সমন্বিত উদ্যোগ নেই।
ঢাকার বাইরে কার্যকর নজরদারি নেই
কীটতত্ত্ববিদ জি এম সাইফুর রহমানের মতে, এ বছর ডেঙ্গুর মৌসুম শুরু হবে জুলাই শেষে আগস্টের শুরুতে। কিন্তু ঢাকায় মশাও থাকবে, ভাইরাসও থাকবে। যারা আক্রান্ত হবে, তাদের ঝুঁকি অনেক বেশি। কারণ তারা দ্বিতীয় বা তৃতীয়বার আক্রান্ত হচ্ছে।
ঢাকায় এর মধ্যে অনেক মানুষ আক্রান্ত হয়েছে এবং তাদের মধ্যে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে। একই সঙ্গে গত বছর যে সেরুটাইপ (ডেঙ্গুর ধরন) ছিল, সেটিরও পরিবর্তন হয়নি।
জি এম সাইফুর রহমান বলেন, ডেঙ্গুতে এ পর্যন্ত মোট মৃত্যুর ৭০ শতাংশ ঢাকার হাসপাতালে হচ্ছে। কিন্তু এসব রোগী প্রকৃত অর্থে ঢাকার কি না, সেটা জানা যাচ্ছে না।
তিনি বলেন, ‘ঢাকার বাইরে ডেঙ্গু রোগী বাড়লেও কার্যকর নজরদারি নেই। আমাদের নজরদারি বাড়াতে হবে। একই সঙ্গে প্রয়োজনীয় সরঞ্জামাদি প্রদান, মশক নিধন কর্মীদের প্রশিক্ষণ দেওয়া এবং নাগরিকদের সচেতনতা প্রয়োজন।’
