‘দেশের মানুষের অভিশাপ থেকে কেউ মাফ পাবে না’
সিলেটের সময় ডেস্ক :
জাতীয় পার্টির (জাপা) একাংশের চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ‘আমরা যুক্তির বাইরে কিছু করতে চাই না, কিন্তু গায়ের জোরে কেউ দাবিয়ে রাখতে চাইলে সেখানে গায়ের জোরের বিকল্প নেই। সবাই মিলে সহনশীল হলে যুক্তি দিয়ে সমস্যার সমাধান সম্ভব। দেশ ডুবিয়ে দিয়ে কেউ বিদেশে গিয়ে সুখে থাকবেন—তা হবে না। দেশের মানুষের অভিশাপ থেকে কেউ মাফ পাবে না। দেশকে বাঁচাতেই হবে।’
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় জি এম কাদের এসব কথা বলেন।
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘আমরা বৈষম্যমুক্ত একটি সমাজ চেয়েছিলাম, যেখানে সবার জবাবদিহি থাকবে। কেন জিনিসপত্রের দাম কমছে না? কেন প্রতি দিনের লাগা আগুন বন্ধ করতে পারছে না? কেন ভেজাল বন্ধ করতে পারছে না? কারণ হচ্ছে, কোথাও জাবাবদিহি নেই। গণতন্ত্রের বড় অবদান হচ্ছে আইনের চোখে সবাই সমান হবে।’
জি এম কাদের বলেন, ‘আইন করা আছে, সরকারের সমালোচনা করলেই আইন মাফিক মামলা হয়। বৈধভাবেই আমাদের দাবিয়ে রাখার ব্যবস্থা করেছে সরকার। এটা কোনো স্বাধীন দেশে হতে পারে? মানুষের মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনায় কাঙ্ক্ষিত সমাজ নির্মাণ হয়নি এবং আমরা সেদিকে যাচ্ছি না। আমরা উল্টোপথে চলছি। মানুষকে নেতা নির্বাচনের অধিকার দিতে হবে, দেশ পরিচালনায় জবাবদিহি থাকতে হবে।’
তিনি আরও বলেন, ‘সরকার আমাদের দলের মধ্যে একটা বিভেদ তৈরির চেষ্টা করছে। সরকারের এটা করা উচিত না। আমাদের মতো দল ধ্বংস হয়ে গেলে সরকারও সুখে থাকবে না। সামনের দিকে পাপেট ছাড়া রাজনৈতিক দল থাকবে কি না, তা নিয়ে সন্দেহ সৃষ্টি হয়েছে।’
