উত্তর প্রদেশে কংগ্রেসকে ১৫ আসনে লড়াইয়ের প্রস্তাব
আন্তর্জাতিক ডেস্ক :
উত্তর প্রদেশে কংগ্রেসকে ১৫টি আসনে সমর্থন দিয়েছেন সমাজবাদী পার্টির অখিলেশ যাদব।পার্টির পক্ষ থেকে জানানো হয়, উত্তর প্রদেশের ৮০টি আসনের মধ্যে তারা ১৫টি কংগ্রেসকে লড়াই করতে দেবে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, ২০২৪ লোকসভা নির্বাচনে বিজেপিকে চ্যালেঞ্জ জানাতে গতবছর থেকে বিভিন্ন রাজনৈতিক দল একজোট হচ্ছে। তবে কংগ্রেস ও তাদের সহযোগী দলগুলো আসন ভাগাভাগি নিয়ে সংলাপে ব্যর্থ হয়েছে। তাই ‘ইন্ডিয়া’ জোট আসন্ন নির্বাচনে কীভাবে লড়াই করবে তা এখনো পরিস্কার নয়।
এক সূত্রের বরাতে এনডিটিভি জানায়, তারা উত্তর প্রদেশে কংগ্রেসকে ১৫টি আসনে লড়াইয়ের সুযোগ দেবে। ২০১৯ সালে কংগ্রেস পুরো ভারত থেকে ৫২টি আসনে জয় পেয়েছিল। আর উত্তর প্রদেশে পেয়েছিল একটি। জয় নিশ্চিত করতে পারেননি রাহুল গান্ধী নিজেও। স্মৃতি ইরানির কাছে অ্যামেথিতে হেরে যান তিনি।
সে বছর ওই আসনে দাঁড়ায়নি সমাজবাদী দলের কেউ। তবে এবার তারা নিজেদের অবস্থানে অনড়। কংগ্রেসকে ১৫টির বেশি আসন ছাড়বে না তারা। নাহলে জোটেও থাকবে না। ইতিমধ্যেই কংগ্রেস হাইকমান্ডকে নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে সমাজবাদী পার্টি।
কয়েকদিন আগেই উত্তর প্রদেশের বেশ কয়েকটি আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছিল সমাজবাদী পার্টি। তার পরেই কংগ্রেসের সঙ্গে উত্তেজনার শুরু হয়। সোমবার উত্তর প্রদেশ সফরে যান রাহুল গান্ধী। অখিলেশ বলেন, উত্তর প্রদেশে আসন ভাগাভাগির পথ এখনও খোলা রয়েছে। তবে সূত্রের খবর, কোনে মতেই ১৫টির বেশি আসন কংগ্রেসকে ছাড়তে রাজি নয় সমাজবাদী পার্টি।
