তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে যে তথ্য দিল আবহাওয়া অফিস
সিলেটের সময় ডেস্ক :
আগামী কয়েক দিন সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এর মধ্যে মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের দু-য়েক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এদিকে আজ রবিবার সকালে দিনাজপুরে দেশের সর্বনিম্ন ৯.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এ ছাড়া পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৯.৯ ডিগ্রি সেলসিয়াস। এদিন ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস বলছে, মাঘের শেষ দিকে এসে সারাদেশে তাপমাত্রা কিছুটা বাড়ায় কমেছে শীতের প্রকোপ। তাপমাত্রা আরও বাড়তে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে।
সারাদেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এ ছাড়া আগামীকাল সোমবার দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে। এর পরদিন মঙ্গলবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
