আশ্বস্ত করছি, জনগণ নির্ভয়ে কেন্দ্রে এসে ভোট দিতে পারবে : ইসি আহসান হাবিব
অতীত থেকে শিক্ষা গ্রহণ করে সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর পরিবেশে একটি নির্বাচন উপহার দেওয়ার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান।
আজ শনিবার দুপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঝালকাঠি, পিরোজপুর ও বরগুনা জেলার নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের সঙ্গে দিকনির্দেশনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। ঝালকাঠির জেলা প্রশাসক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
মো. আহসান হাবিব খান বলেন, বিএনপিকে আমরা অনেকবার নির্বাচনে আনার চেষ্টা করেছি, চা খাওয়ার দাওয়াত দিয়েছি।
ইসি আহসান হাবিব বলেন, রাজনৈতিক দলগুলো বসে যেটা সিদ্ধান্ত নেবে, সেটাই আমরা স্বাগত জানাব। আমার আত্মাটা তৃপ্তি পেত যদি নির্বাচনে সবাই আসত। বিএনপি যদি নির্বাচনে আসতে চায়, তাহলে আমরা বসে সিদ্ধান্ত নেব তফসিল পেছানোর ব্যাপারে। আমরা ভোটারদের আশ্বস্ত করতে চাই, তারা নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে ভোট দিতে পারবেন।
নির্বাচন কমিশনার আহসান হাবিব খান বলেন, আমরা ডিসি, এসপি ও আইনশৃঙ্খলা বাহিনীর সবার কাছ থেকে শতভাগ সহায়তা পেয়ে সুন্দর নির্বাচন দিতে চাই। একজন ভোটার ভোট কেন্দ্র পর্যন্ত আসছে কিনা, বাধাগ্রস্ত হচ্ছে কিনা এবং ভোটটি সঠিকভাবে দিতে পারল কিনা এটা খেয়াল রাখতে হবে। ভোটার ভোট দিয়ে সাংবাদিকদের কাছে যদি বলে ভোট সুষ্ঠু হয়েছে, এটাই আমাদের সার্থকতা। আর যদি পেশিশক্তির প্রভাব থেকে মুক্ত হতে না পারি তাহলে সব কিছুই জিরো।
ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. পারভেজ হাসান, বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল রেজাউল কবির, পিরোজপুরের জেলা প্রশাসক মো. জাহিদুর রহমান, বরগুনার জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, ঝালকাঠির পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল, বরগুনার পুলিশ সুপার মো. আব্দুস সালাম, পিরোজপুরের পুলিশ সুপার মো. শফিউর রহমান ও বরিশাল বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন।
