প্রশমিত হতে পারে তাপপ্রবাহ, বৃষ্টির পূর্বাভাস
আগামী ২৪ ঘণ্টায় দেশের বেশকিছু জেলার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ প্রশমিত হতে পারে। সেই সঙ্গে এই সময়ে আট বিভাগের বেশকিছু অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেওয়া ওই পূর্বাভাসে বলা হয়- ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; রাজশাহী ও সিলেটে বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
পূর্বাভাসে তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, ঢাকা, খুলনা, কুষ্টিয়া, ফরিদপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, বগুড়া, সীতাকুণ্ড, নারায়ণগঞ্জ এবং সৈয়দপুর জেলাসহ সিলেট ও ময়মনসিংহ বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে।
আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, মৌসুমী বায়ুর অক্ষ ভারতের রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
এদিকে, আগামী দুই দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
তবে উল্লেখিত সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া বর্ধিত পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
গত ২৪ ঘণ্টায় কক্সবাজারের কুতুবদিয়ায় সর্বোচ্চ ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাশাপাশি বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের সন্দ্বীপ ও নোয়াখালীর মাইজদীকোর্টে, ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
