যেভাবে শিশুশিল্পী থেকে অস্কারের মঞ্চে এনটিআর

বিনোদন ডেস্ক ঃ

নন্দমুরি তারক রমা রাও জুনিয়র। স্থানীয়ভাবে এনটিআর নামেই বিখ্যাত। ভারতের দক্ষিণী চলচ্চিত্রের নতুন সেনসেশন। অস্কারের মঞ্চে পা রাখা এ তারকা তেলুগু সিনেমার প্রতিষ্ঠিত অভিনেতা ও গায়ক। কুচিপুরি নৃত্যের নিপুণ শিল্পী। নিজের প্রতিভা দিয়ে ইতোমধ্যে ছাপিয়ে গেছেন তেলুগু অভিনেতা ও অন্ধ্রপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী এনটি রমা রাওয়ার নাতি পরিচয়।

শিশু অভিনেতা হিসাবে ১৯৯১ সালে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল এনটিআর জুনিয়রের। ক্যারিয়ারের পাঁচ বছরের মাথায় ২০০০ সালেই তেলুগু চলচ্চিত্রে প্রবেশ করেন প্রাপ্তবয়স্কের ভূমিকায়। ২০ মে এ অভিনেতার জন্মদিন। এই ৩৯ বছরের জীবনে এরই মধ্যে পেয়ে গেছেন গুটিকতক সাফল্যের পালক। সামনে আরও দিন বাকি ‘ইয়ং টাইগার’খ্যাত এ অভিনেতার। গত দুই দশক ধরেই যিনি দক্ষিণী চলচ্চিত্রকে দিয়েছেন সমৃদ্ধি।

দাদা নান্দামুরি তারক রমা রাওয়ের ‘ব্রহ্মর্ষি বিশ্বামিত্র’ সিনেমায় প্রথম শিশুশিল্পী হিসাবে অভিনয় করেন জুনিয়র এনটিআর। পরে চলচ্চিত্র নির্মাতা গুণশেখরের ‘রামায়ণম’ সিনেমায় শিশুশিল্পী হিসাবে অভিনয় করেন। এই পৌরাণিক গল্পের চলচ্চিত্রটির প্রধান চরিত্রে অভিনয় করে শিশুশিল্পী হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করেন তিনি। তা ছাড়া দুটি নন্দী পুরস্কারও লাভ করেন।

তার অভিনীত এসএস রাজামৌলি পরিচালিত ‘স্টুডেন্ট নাম্বার ওয়ান’ সিনেমাটি ২০০১ সালে মুক্তি পায়। বিশ্বব্যাপী প্রশংসায় ভাসে সিনেমাটি। বদলে যায় এনটিআর জুনিয়রের রুটিন, বদলে যায় বেশভূষা। কারণ এ চলচ্চিত্র তাকে রাতারাতি ইয়ং আইকনে রূপান্তরিত করে। তার সুন্দর চেহারা ও সাবলীল অভিনয় অসংখ্য ভক্তের হৃদয় জয় করে। একের পর এক দর্শককে উপহার দিলেন ‘আদি’, ‘নাগা’, ‘না আল্লুড়ু’, ‘অশোক’, ‘আরআরআর’, ‘রাখি’, ‘যমদঙ্গা’, ‘কান্ত্রি’, ‘শক্তি’, ‘বাদশাহ’র মতো সিনেমা। ‘সিমহাড়ি’, ‘আদি’, ‘আরআরআর’-এর মতো ব্লকবাস্টার চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি নাচের দক্ষতার প্রমাণ দিয়ে নিজেকে দক্ষিণী চলচ্চিত্রের অপরিহার্য অনুষঙ্গে পরিণত করেন এ অভিনেতা। শিগ্গির আসছে তার নামের ওপর নির্মিত চলচ্চিত্র সম্ভাব্য সুপারহিট আরেকটি চলচ্চিত্র এনটিআর থার্টি।

আরআরআর-টু সিনেমার মাধ্যমে সহ-অভিনেতা রামচরণকে নিয়ে ভারতকে ৯৫তম আসরের অস্কার এনে দিয়ে তিনি পৌঁছে যান সাফল্যের শিখরে। এই নিয়েই এনটিআর ভক্তদের উন্মাদনা তুঙ্গে। সেরা মৌলিক গান বিভাগে অস্কার পেয়েছে সিনেমার নাটু নাটু গানটি। শুধু তাই নয়, অস্কারের মঞ্চে লাইভ পারফরমেন্সও হয় নাটু নাটু’র। যার ঘোষণা করেছিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

সিনেমাপ্রতি ৩০ থেকে ৪০ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে কাজ করেন এনটিআর জুনিয়র। সে হিসাবে তার মাসিক আয় ৩ কোটি রুপি। বর্তমানে তার নিট সম্পদের পরিমাণ ৪৪০ কোটি রুপি। সম্পদের দিক থেকে আরেক দক্ষিণী তারকা রজনীকান্তের পরই তার অবস্থান।

এ বিভাগের অন্যান্য