দরজা ভেঙে নিথর দেহ মেলে পরিবার কল্যাণ সহকারীর

সিলেটের সময় ডেস্ক :

 

পিরোজপুরের ইন্দুরকানীতে বিদ্যুতায়িত হয়ে চামেলী রানী নামে এক পরিবার কল্যাণ সহকারীর মর্মমান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার চন্ডিপুর ইউনিয়নের কলারন গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

বিদ্যুৎস্পৃষ্টে মৃত চামেলী রানী (৫৫) কলারন চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধানশিক্ষক মৃত জীবন কৃষ্ণ করের স্ত্রী। স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান মিজান এসব তথ্য নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, চামেলী রানীর স্বামী জীবন কৃষ্ণ কর গত এক বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। স্বামীর মৃত্যুর পর বাড়িতে একা থাকতেন তিনি। তার দুই পুত্র সন্তান থাকলেও তারা দুজনই বর্তমানে ঢাকায় থাকেন। চামেলী রানী রবিবার সন্ধ্যার দিকে তার নিজ বাড়িতে বিদ্যুতায়িত হন। ধারণা করা হচ্ছে, তিনি বাসার রেফ্রিজারেটর ব্যবহার করতে গিয়ে বিদ্যুতায়িত হন। রেফ্রিজারেটরের বৈদ্যুতিক সংযোগ তারটিতে সমস্যা থাকায় দুর্ঘটনাবশত ফ্রিজটি বিদ্যুতায়িত হয়।

পাশের বাড়ির রতন মাস্টার নামের একজন জানান, অনেক সময় ধরে  চামেলী রানীর কোনো সাড়া-শব্দ না পাওয়ায় বাড়ির সামনে গিয়ে তাকে ডাকাডাকি করি। কিন্তু ভেতর থেকে ঘরের দরজা বন্ধ ছিল।  কোনো শব্দ না পাওয়ায় দরজা ভেঙে ফেলি। এরপর ভেতরে ঢুকে দেখি, তিনি ঘরের মধ্যে ফ্রিজের পাশে মেঝেতে পড়ে আছেন। ফ্রিজটি খোলা অবস্থায় থাকলেও তার দু’হাত আগুনে ঝলছে ছিল। তার নিথর দেহ ঘরের মেঝেতে পড়ে রয়েছে। এরপর আশপাশের লোকজনকে  ডাক দিলে তারা ছুটে আসেন।

এ বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সোহাগ হোসেন বলেন, তার এ মর্মান্তিক মৃত্যু সত্যিই আমাদের কাছে বেদনাদায়ক। তিনি আমাদের মাঠ পর্যায়ের একজন ভালো কর্মী ছিলেন।

 

ইন্দুরকানী থানার ওসি মো. এনামুল হক জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিজ বাড়িতেই কলারন গ্রামের পরিবার কল্যাণ সহকারী চামেলী রানী মৃত্যুবরণ করেন। তখন তিনি বাড়িতে একা ছিলেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিভাগের অন্যান্য