মাদক কারবারির বাড়ির পাশে যুবকের লাশ, বসতবাড়ি পুড়িয়ে দিয়েছে জনতা

সিলেটের সময় ডেস্কঃ

 

টাঙ্গাইলের দেলদুয়ারে এক মাদক কারবারির বাড়ির পাশ থেকে রায়হান (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে স্থানীয়রা ওই মাদক কারবারির বসতবাড়ি ভাঙচুর করে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার গাদতলা গ্রামের মর্জিনা নামের চিহ্নিত এক মাদক কারবারির বাড়িতে এই ঘটনা ঘটে।

রায়হান একই উপজেলার নলুয়া গ্রামের আজাহার আলীর ছেলে। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুজনকে আটক করেছে।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার পাথরাইল ইউনিয়নের পাথরাইল-গাদতলা সড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। মরদেহের পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখে ধারণা করা হয় রায়হানকে হত্যা করে সড়কের পাশে ফেলে রাখা হয়েছে।

স্থানীয়দের ধারণা, মাদক কিনতে গিয়ে দর-কষাকষির এক পর্যায়ে মর্জিনার পরিবার অথবা তার লোকজন রায়হানকে হত্যা করে মরদেহ বাড়ির পাশে ফেলে রেখে যায়। ঘটনার পর থেকে মাদক কারবারি ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে।

স্থানীয়রা আরো জানান, মর্জিনা একজন চিহ্নিত মাদক কারবারি। পুলিশ মাঝেমধ্যে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে আদালত পাঠালেও জামিনে ছাড়া পেয়ে ফের মাদক ব্যবসা শুরু করেন। তার স্বামীও মাদক কারবার করতেন, কয়েক বছর আগে তিনি মারা যান। তার তিন ছেলেও মাদক কারবারের সঙ্গে জড়িত।

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে মাদক সেবন নিয়ে কথা-কাটাকাটির জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে। পরে নিহতের মরদেহ মাদক কারবারি মর্জিনার বাড়ির সামনে ফেলে রাখা হয়েছিল। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের ঘটনায় স্থানীয়রা ওই মাদক কারবারির বাড়িঘর ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়েছে।

এ বিভাগের অন্যান্য