৪৫ সেকেন্ডে খুন, শাওন হত্যার নেপথ্যে মাদক

সিলেটের সময় ডেস্কঃ

 

মাদক কারবার নিয়ে বিরোধের জের ধরে রাজধানীর যাত্রাবাড়ীর মিরহাজীরবাগ এলাকায় পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয় শাওন নামের যুবককে। এ ঘটনায় নাবিল নামে একজনকে গ্রেপ্তারের পর এমন তথ্য পেয়েছে পুলিশ।

যাত্রাবাড়ী থানার ওসি মফিজুল আলম কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার নাবিল শাওনকে ছুরিকাঘাতে হত্যার কথা স্বীকার করেছে। তার ভাষ্য, শাওনের সঙ্গে আগে থেকেই এলাকায় মাদক কারবার নিয়ে বিরোধ ছিল।

রবিবার দিবাগত রাত ২টা ৪১ মিনিটের দিকে মিরহাজীরবাগ আবু হাজী স্কুলের গলি থেকে শাওনের মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সোমবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় নিহত শাওনের স্ত্রী ইয়াসমিন আক্তার বাদী হয়ে চারজনকে আসামি করে যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা করেছেন। মঙ্গলবার সকালে ঘটনায় জড়িত এজাহারভুক্ত আসামি নাবিলকে গ্রেপ্তার করা হয়।

ঘটনাস্থল থেকে উদ্ধার করা সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, রবিবার দিবাগত রাত ২টা ৪১ মিনিট ১৫ সেকেন্ডে বসে থাকা শাওনের কাছে আসে নাবিলসহ দুজন। কিছুক্ষণ তারা শাওনের পাশপাশে হাঁটাহাঁটি করতে থাকে। এর ৪৫ সেকেন্ড পর হঠাৎ পকেট থেকে ছুইচ গিয়ার বের করে শাওনের বুকে সরাসরি আঘাত করে নাবিল। দ্বিতীয়বার ছুরিকাঘাত করতে গেলে শাওন সরে যান। তৃতীয়বার আঘাত করতে গেলে শাওন উঠে দাঁড়ান। পরে দৌড়ে পালিয়ে গেলেও কিছুক্ষণ পর পাশের একটি গলি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, ঘটনার পরদিন (সোমবার) সকালেই আসামি নাবিল কক্সবাজার পালিয়ে যায়। পরে তাকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়।

এ বিভাগের অন্যান্য