নারায়ণগঞ্জ হকার ইস্যু : পিবিআই তদন্তের বিরুদ্ধে মেয়র আইভীর নারাজি

সিলেটের সময় ডেস্কঃ 

নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কে হকার ইস্যুতে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় আসামিদের অস্ত্র আইনের ধারা থেকে অব্যাহতি দেওয়ায় তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

আজ রবিবার সিটি করপোরেশনের আইন কর্মকর্তা জিএম সাত্তার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চতুর্থ আদালতে এ আবেদন জানান। আদালত নারাজি শুনে আগামী ১ মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

সিটি করপোরেশনের আইন কর্মকর্তা জিএম সাত্তার বলেন, ‘মামলাটির নির্ধারিত তারিখ ছিল। আমরা আদালতে অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজির আবেদন জানাই। কী কারণে আমরা নারাজি জানিয়েছি সেই বক্তব্যও আদালতে পেশ করেছি। আদালত তখন আমাদের বক্তব্য শোনেন। এই মামলার পরবর্তী তারিখ আগামী ১ মার্চ নির্ধারণ করেছেন আদালত।’আদালতে আসামিপক্ষে দাঁড়ান মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, জেলা আইনজীবী সমিতির সভাপতি হাসান ফেরদৌস জুয়েলসহ কয়েকজন আইনজীবী।

আদালত সূত্রে জানা যায়, গেল বছরের ২৩ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলাটির তদন্তকারী কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক আতাউর রহমান। পাঁচ বছর পর এই মামলার তদন্ত শেষে অভিযোগপত্রে আওয়ামী লীগ নেতাসহ ১২ জনের বিরুদ্ধে হুমকি, হত্যাচেষ্টা, জখম, ভাঙচুর ও নাশকতার প্রমাণ পাওয়ার কথা জানান তদন্ত কর্মকর্তা। তবে অভিযোগ পত্রে অস্ত্র আইনের ধারা থেকে আসামীদের অব্যাহতি দেওয়ার আবেদন করেন তিনি।

অভিযোগপত্রে পিবিআই পরিদর্শক আতাউর রহমান বলেন, মেয়র আইভীকে হত্যার উদ্দেশ্যে আসামিরা গুলি ছুড়েছে তা এজহারে উল্লেখ্য করা হলেও এ সংক্রান্ত কোনো আলামত ঘটনাস্থলে পাওয়া যায়নি। পরবর্তীতেও কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনার সময় আসামি নিয়াজুল যে অস্ত্র প্রদর্শন করেছে সেটির লাইসেন্স আছে। শাহ নিজামের নামে একটি বন্দুকের লাইসেন্স রয়েছে। তবে ঘটনার সময় শাহ নিজামকে বিনা লাইসেন্সের অবৈধ আগ্নেয়াস্ত্র (পিস্তল) বহন ও নিজ দখলে দেখা যায়। তিনি জামিনে থাকায় তাকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি ও পিস্তল উদ্ধার করা যায়নি। এর কারণে অস্ত্র আইনের ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলো না।এদিকে গত ৮ জানুয়ারি নারায়ণগঞ্জে এক অনুষ্ঠানে এ অভিযোগপত্রে ‘অসন্তুষ্ট’ সেলিনা হায়াৎ আইভী এর বিরুদ্ধে নারাজি দিবেন বলে জানান তিনি।

উলেখ্য, নারায়ণগঞ্জ শহরের ফুটপাতে হকার রাখা ও উচ্ছেদ নিয়ে  হকার ও মেয়র আইভীর সঙ্গে চলমান দ্বন্দ্বের জের ধরে ২০১৮ সালের ১৬ জানুয়ারি সংঘর্ষ হয়।

এ বিভাগের অন্যান্য