একাত্তরের কথার নির্বাহী সম্পাদক হলেন ফয়ছল আলম
সিলেটের প্রথম পূর্ণাঙ্গ ট্যাবলয়েড দৈনিক একাত্তরের কথা-এর নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিক ও সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি মো. ফয়ছল আলম। গত ১ অক্টোবর থেকে তিনি এ পদে যোগদান করেন।
পত্রিকার প্রকাশক নজরুল ইসলাম বাবুল ও সম্পাদক চৌধুরী মুমতাজ আহমদ সম্প্রতি তাঁকে এ দায়িত্ব প্রদান করেন।
মো. ফয়ছল আলম দীর্ঘ তিন দশক ধরে সিলেটে সাংবাদিকতা করে আসছেন। মুক্তিযুদ্ধবিষয়ক লেখক ও অনুসন্ধানী সাংবাদিক হিসেবে পরিচিত তিনি জাতীয় ও আঞ্চলিক বিভিন্ন সংবাদপত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তাঁর কর্মজীবনে দৈনিক খবর, ভোরের কাগজ ও দৈনিক জনতাসহ বিভিন্ন জাতীয় সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।
এ ছাড়া তিনি সিলেটের আঞ্চলিক দৈনিক জালালাবাদ, সবুজ সিলেট, সিলেট প্রতিদিন, সিলেট সুরমা, সিলেট মিরর ও সিলেটের মানচিত্র পত্রিকায় কাজ করেছেন। দৈনিক সিলেট সুরমায় প্রধান বার্তা সম্পাদক এবং দৈনিক জৈন্তাবার্তায় নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
সাংবাদিকতা জীবনের বিভিন্ন সময়ে অন্যান্য সংবাদমাধ্যমেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন ফয়ছল আলম। সর্বশেষ তিনি দৈনিক শুভ প্রতিদিনের নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সংবাদ পত্রিকায় প্রায় ১০ বছর উপসম্পাদক হিসেবে কাজ করেছেন।
সাংবাদিকতার পাশাপাশি লেখালেখি ও গবেষণামূলক কাজেও তাঁর অবদান রয়েছে। মুক্তিযুদ্ধ, ভ্রমণ এবং বরেণ্য ব্যক্তিদের জীবনীসহ বিভিন্ন বিষয়ে একাধিক গ্রন্থ রচনা ও সম্পাদনা করেছেন তিনি। সিলেটের অন্যতম প্রচার ও প্রকাশনা সংস্থা মিডিয়া গাইডের প্রতিষ্ঠাতা ও কর্ণধারও মো. ফয়ছল আলম।
দীর্ঘ সাংবাদিকতা জীবনে অর্জিত অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতার মাধ্যমে দৈনিক একাত্তরের কথার সম্পাদকীয় কার্যক্রমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
