বিড়ির দাম বাড়ছে না
সিলেটের সময় ডেস্ক :
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী অর্থবছরের বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে আগামী বাজেটে বিড়ির দাম বাড়ছে না।
আজ মঙ্গলবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনের তৃতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে নারী আসন-৩-এর সংসদ সদস্য (এমপি) রাশেদা বেগম হীরার প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
এমপি রাশেদা বেগম হীরা জানতে চান, তামাকজাত পণ্যের ওপর কর বৃদ্ধি, বিশেষ করে বিড়ির খুচরা মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) ও এক শতাংশ স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ বহাল রেখে অতিরিক্ত সম্পূরক শুল্ক আরোপ করা হবে কি না।
জবাবে অর্থমন্ত্রী বলেন, বাজেটে বিড়ি খাতে মূল্য ও করহার আগের বছরের মতোই অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে আগামী অর্থবছরে বিড়ির দাম বৃদ্ধি পাবে না।
