বাংলাদেশ বিশ্বকাপ খেলতে না পারলে বয়কট করতে পারে পাকিস্তান

খেলাধুলা ডেস্ক ঃ

 

নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে ভারতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে যেতে অস্বীকৃতি জানানো বাংলাদেশকে আসরটিতে খেলতে না দিলে পাকিস্তানও টুর্নামেন্ট বয়কট করতে পারে। আজ বৃহস্পতিবার পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজকে দেওয়া সূত্রের বরাতে জানা গেছে, বাংলাদেশ তাদের ম্যাচ ভারতের বাইরে সরানোর দাবি মানা না হলে পাকিস্তান বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে পারে।

সূত্র জানায়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) যদি ঢাকার দাবি প্রত্যাখ্যান করে এবং ভারতে নির্ধারিত ম্যাচগুলো শ্রীলংকায় সরাতে রাজি না হয়, তবে পাকিস্তান বিশ্বকাপে অংশ না নেওয়ার পথ বেছে নিতে পারে।

সাম্প্রতিক সময়ে রাজনৈতিক সম্পর্কের অবনতি হওয়ায় নিরাপত্তার কথা উল্লেখ করে বাংলাদেশ ভারতে খেলতে রাজি নয়। সহ-আয়োজক শ্রীলংকায় নিজেদের ম্যাচ আয়োজনের দাবি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে আইসিসি সেই অনুরোধ নাকচ করার পরও নিজেদের অবস্থানে অনড় রয়েছে বিসিবি।

দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব ক্রিকেটেও পড়েছে। চলতি আইপিএলে কলকাতা ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তি থাকা সত্ত্বেও বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয়। এর প্রতিক্রিয়ায় বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করা হয় এবং বিশ্বকাপের ম্যাচ শ্রীলংকায় আয়োজনের দাবি জোরালো হয়।

আইসিসি বাংলাদেশকে স্পষ্ট করে জানিয়েছে, বিশ্বাসযোগ্য কোনো নিরাপত্তা হুমকি ছাড়া সূচি পরিবর্তন করলে ভবিষ্যতের আইসিসি টুর্নামেন্টগুলোর জন্য খারাপ নজির তৈরি হতে পারে। ফলে বাংলাদেশের সামনে এখন দুটি কঠিন পথ-দাবি থেকে সরে আসা, অথবা বিশ্বকাপে জায়গা হারানো।

এর আগে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম আইসিসির কাছে সময় চেয়েছিলেন, যাতে সরকারে সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করা যায়। সূত্র বলছে, আজই বাংলাদেশ সরকার খেলোয়াড়দের সঙ্গে বৈঠক করে তাদের মতামত নেবে। এরপরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। তবে অধিকাংশ সিনিয়র খেলোয়াড় বিশ্বকাপে খেলতে আগ্রহী বলেও জানা গেছে।

সূচি অনুযায়ী, বাংলাদেশ গ্রুপ ‘সি’-তে রয়েছে। তাদের প্রথম তিনটি ম্যাচ কলকাতায়-৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ, ৯ ফেব্রুয়ারি ইতালি ও ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে। গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে।

এ বিভাগের অন্যান্য