জন্মদিনের চিঠি : প্রতি মৌসুমী মৌ
প্রিয় মৌ,
জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা। তুমি হচ্ছো মৌ—মৌসুমী মৌ। নামের আগে যত বিশেষণই বসাই না কেন—জনপ্রিয়, প্রাণবন্ত, মেধাবী, আত্মবিশ্বাসী—তবুও মনে হয় শব্দগুলো তোমাকে ধারণ করতে পারে না। কারণ, তুমি শুধু একজন উপস্থাপক নও, তুমি এক অনুপ্রেরণার নাম; উপস্থাপনার মঞ্চে এক আস্থার প্রতীক।
তোমার শিল্পযাত্রার শুরু মঞ্চ, নৃত্য আর মুখাভিনয় দিয়ে। ছোটবেলা থেকেই অভিনয় ও নাচে আগ্রহী তুমি থিয়েটার ও মুখাভিনয়ের নিয়মিত অনুশীলনের মধ্য দিয়ে গড়ে তুলেছো নিজেকে। সেই অভিজ্ঞতাই আজ তোমার উপস্থাপনাকে করেছে প্রাণবন্ত, স্বতঃস্ফূর্ত ও প্রাঞ্জল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন্স’ বিভাগে স্নাতকোত্তর শেষ করে তুমি পেশাদার উপস্থাপনায় নাম লেখাও। বিটিভি, চ্যানেল আই, আরটিভি, নাগরিক টিভি, নিউজ২৪ ও একুশে টিভি—সব শীর্ষ চ্যানেলের পর্দায় তোমার স্বতঃস্ফূর্ত উপস্থিতি আজ এক আলাদা পরিচয়ের নাম। সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, টকশো কিংবা কর্পোরেট আয়োজন—যেখানেই যাও, তুমি নিজের উচ্ছ্বাস ও স্বকীয়তায় দর্শকদের মুগ্ধ করে রাখো।
২০২৪ সালের নারী টি২০ ক্রিকেট বিশ্বকাপে তোমার প্রাণবন্ত উপস্থাপনা এখনো আলোচনায়। খেলার বিশ্লেষণ, খেলোয়াড়দের সঙ্গে আলাপ, দর্শকের সঙ্গে সংযোগ—সব মিলিয়ে তুমি দেখিয়েছো, ক্রীড়া উপস্থাপনাতেও নারীর উপস্থিতি কতটা শক্তিশালী হতে পারে।
উপস্থাপনার পাশাপাশি তুমি একজন মঞ্চ ও মুখাভিনয় শিল্পী। ২০২৪ সালে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক মুখাভিনয় উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলে তুমি—যা তোমার ক্যারিয়ারের এক উজ্জ্বল অধ্যায়।
আরেকটি পরিচয়ে তুমি প্রথম আলো বন্ধুসভার আপন মানুষ। বন্ধুসভার বিভিন্ন সাংস্কৃতিক ও সচেতনতামূলক আয়োজনে তুমি অংশ নাও কখনো সঞ্চালক, কখনো অতিথি, কখনো তরুণ প্রজন্মের অনুপ্রেরণার প্রতীক হয়ে। তুমি বিশ্বাস করো—
“উপস্থাপনা শুধু কথা নয়, চিন্তারও শিল্প। মানুষকে অনুপ্রাণিত করাই প্রকৃত সাফল্য।”
এছাড়াও তুমি রেগে গেলে খেতে ভালোবাসো খুব। পেট ভরে খেলেই রাগ পালিয়ে যায়। যা অনেককেই দারুণ ভাবিয়ে তোলে।
পর্দার ঝলমলে হাসির পেছনে তুমি এক সংবেদনশীল মানুষ—মানবিক মূল্যবোধ, আত্মসম্মান ও ইতিবাচক চিন্তার ধারক। তোমার হাসি, ভঙ্গি ও কণ্ঠ আমাদের সময়ের প্রাণবন্ত বাংলাদেশকে বারবার মনে করিয়ে দেয়।
১২ নভেম্বর—তোমার জন্মদিনে, আমাদের শুভকামনা রইলো—তোমার আলো, তোমার স্বতঃস্ফূর্ততা ও তোমার শিল্প যেন আরও ছড়িয়ে পড়ে প্রজন্ম থেকে প্রজন্মে। জন্মদিনে তোমার জন্য নির্ণয়হীন ভালোবাসা ও অন্তহীন শুভেচ্ছা।
তুমি মৌসুমী মৌ—
এক অনন্ত মৌসুমের প্রতীক।
গভীর আন্তরিকতাসহ,
বশির আহমদ জুয়েল
মন্ট্রিয়ল, কানাডা।
