নারীসহ আপত্তিকর অবস্থায় আওয়ামী লীগ নেতা আটক
কুমিল্লার লালমাইয়ে তিন সন্তানের জননীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে শাহ আলম নামের এক আওয়ামী লীগ নেতাকে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। রবিবার (২০ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের ভুশ্চি গ্রামে এই ঘটনা ঘটে। আটক আওয়ামী লীগ নেতা ওই গ্রামের মৃত আলী হোসেনের ছেলে ও বেলঘর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
ভুশ্চি গ্রামের আমিনুল ইসলাম জানান, গত ৩/৪ বছর ধরে আওয়ামী লীগ নেতা শাহ আলমের সঙ্গে একই গ্রামের আওয়ামী লীগ কর্মী আবুল হোসেনের স্ত্রীর অবৈধ সম্পর্ক চলছিল।
রবিবার রাত ৮টার দিকে আওয়ামী লীগ নেতা শাহ আলম নারীর ঘরে প্রবেশ করলে শতাধিক যুবক ওই বাড়ি ঘেরাও করে। এসময় কয়েকজন যুবক ঘরে ঢুকে অনৈতিক সম্পর্কের অভিযোগে শাহ আলমকে মারধর শুরু করে।
প্রত্যক্ষদর্শী আনোয়ার হোসেন বলেন, নারীসহ আওয়ামী লীগ নেতা আটকের খবর পেয়ে ভুশ্চি ও আশেপাশের গ্রাম থেকে শত শত মানুষ ওই বাড়িতে আসে। বেশিরভাগ লোক শাহ আলমকে ঘর থেকে বের করে গণপিটুনি দিতে চায়।
নাম প্রকাশে অনিচ্ছুক বেলঘর উত্তর ইউনিয়ন বিএনপির এক নেতা বলেন, নারীসহ আওয়ামী লীগ নেতাকে এলাকাবাসী আটক করে পুলিশে দিয়েছে। শুনেছি পার্শ্ববর্তী ইউনিয়নের বিএনপির এক নেতা তিন লাখ টাকার বিনিময়ে তাকে থানা থেকে ছাড়াতে দৌড়ঝাঁপ করছেন।
ভুশ্চি বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জহিরুল ইসলাম বলেন, নারীসহ শাহ আলম নামের একজনকে ভুশ্চিতে এলাকাবাসী আটক করেছে শুনে প্রথমে পুলিশের একটি টিম পাঠিয়েছিলাম।
লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম রাত সাড়ে ১২টায় বলেন, আওয়ামী লীগ নেতা শাহ আলম ও নারীকে জনরোষ থেকে সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে থানায় আনা হয়েছে। উদ্ধার করা নারী শাহ আলমের বিরুদ্ধে মৌখিকভাবে ধর্ষণের অভিযোগ করেছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
