৬৫০ টাকা কেজিতে মাংস বেচায় ছুরিকাঘাত, বিক্রেতা নিহত
রাজশাহীর বাঘায় ৬৫০ টাকা কেজি দরে মাংস বিক্রি নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে মামুন হোসেন (৩০) নামের এক মাংস বিক্রেতা নিহত হয়েছেন। তিনি আড়ানী পৌরসভার পিয়াদাপাড়া গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার আড়ানী বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, মামুন হোসেন ও একই গ্রামের মৃত খোদা বক্সের ছেলে খোকন হোসেন পাশাপাশি গরুর মাংস বিক্রি করছিলেন।
এ বিষয়ে খোকনের সহযোগী আবদুস সালাম ও রফিকুল ইসলাম বলেন, মামুন ও খোকন পরস্পর মামাতো-ফুফাতো ভাই। একসাথে তাঁরা মাংসের ব্যবসা করতেন। কিছুদিন আগে থেকে তাঁরা ব্যবসা আলাদা করেছেন। শনিবার দুজন পাশাপাশি মাংস বিক্রি করছিলেন।
নিহত মামুনের ছোট ভাই মানিক হোসেন বলেন, ‘তারা ব্যবসা আলদা করার পর থেকে খোকন বিভিন্ন সময়ে মামুনকে হুমকি দিয়ে আসছিল। আমাকে বিষয়টি কয়েক দিন আগে জানিয়েছে। যেহেতু আমরা পরস্পর মামাতো-ফুফাতো ভাই তাই এ নিয়ে উভয়কে দ্বন্দ্ব না করার জন্য নিষেধ করেছিলাম।
এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘ঘটনা জানার সাথে সাথে ঘটনাস্থলে গিয়েছিলাম। এ ব্যাপারে একটি হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। বর্তমানে খোকন পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
