ইরান যুদ্ধের প্রভাবে চরম দারিদ্র্য ঝুঁকিতে ৩২ মিলিয়ন মানুষ : জাতিসংঘ
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের ভয়াবহ অর্থনৈতিক প্রভাবে বিশ্বজুড়ে প্রায় ৩ কোটি ২৫ লাখ মানুষ নতুন করে দারিদ্র্যসীমার নিচে নেমে যেতে পারে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) তাদের সাম্প্রতিক প্রতিবেদনে এই আশঙ্কার কথা জানিয়ে বলেছে, যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা এবং জ্বালানি ও খাদ্যের উচ্চমূল্য বিশ্বকে এক ‘ত্রিমুখী ধাক্কা’র দিকে ঠেলে দিয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) এক প্রতিবেদনে দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।
ইউএনডিপির প্রশাসক ও বেলজিয়ামের সাবেক প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রু বলেন, ‘এই যুদ্ধ উন্নয়নের গতিকে উল্টো দিকে ঘুরিয়ে দিচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানে হামলার পর গত ছয় সপ্তাহে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হয়েছে। ইরান কর্তৃক হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার ফলে বিশ্ব অর্থনীতিতে তেল ও গ্যাস সরবরাহ স্থবির হয়ে পড়েছে।
বিশ্বব্যাংকের মানদণ্ড অনুযায়ী (দৈনিক আয় ৮.৩০ ডলারের নিচে) দারিদ্র্যের এই হার গণনা করা হয়েছে। ইউএনডিপির প্রতিবেদনে বলা হয়েছে—যদি যুদ্ধের প্রভাব দীর্ঘস্থায়ী হয়, তবে ৩ কোটি ২৫ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে যাবে। এ ছাড়া আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশ এবং ছোট দ্বীপরাষ্ট্রগুলোসহ মোট ৩৭টি জ্বালানি আমদানিকারক দেশ সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হবে।
আলেকজান্ডার ডি ক্রু সতর্ক করে বলেন, ‘উন্নয়নে বিনিয়োগ করা মানে হলো যুদ্ধের বিরুদ্ধে আগাম প্রতিরোধ গড়ে তোলা। যদি আমরা দারিদ্র্য বিমোচন ও জলবায়ু অভিযোজনে বিনিয়োগ না করি, তবে বিশ্ব স্থিতিশীলতা হারাবে।
