ঘরে ঘরে গিয়ে হামের টিকাদান কর্মসূচির তথ্য দিন— রাজনীতিবিদদের স্বাস্থ্য প্রতিমন্ত্রী
দেশজুড়ে হামে আক্রান্তের সংখ্যা ভয়াবহ আকারে বেড়েই চলছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত এই রোগের উপসর্গ নিয়ে ১৪৫ শিশুর মৃত্যু হয়েছে। সংকটাপন্ন এই অবস্থার মধ্যে হামের প্রাদুর্ভাব রোধে রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে টিকার তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।
রবিবার (১২ এপ্রিল) সকালে রাজধানীর কড়াইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনী আয়োজনে এ আহ্বান জানান তিনি।
সবাইকে এই কর্মসূচির আওতায় আনার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, ‘৫৯ মাস পর্যন্ত বয়সি শিশুদের অবশ্যই টিকা দিতে হবে।
অনুষ্ঠানে ঢাকা উত্তরে হামের চিকিৎসা করতে একটি হাসপাতাল তৈরির জন্য প্রতিমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেন, ‘এখন থেকেই শিশুদের হাম-রুবেলা টিকা দেওয়া গেলে তা নিয়ন্ত্রণে নেওয়া সম্ভব।
প্রসঙ্গত, গত ৫ এপ্রিল থেকে দেশের উচ্চ ঝুঁকিপূর্ণ ১৮ জেলার ৩০টি উপজেলায় শুরু হয় জরুরি টিকাদান কর্মসূচি। তারই অংশ হিসেবে আজ শুধু ডিএনসিসি নয় ডিএসসিসির পাশাপাশি ময়মনসিংহ ও বরিশাল সিটি করপোরেশনে হামের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। ২০ এপ্রিল সারা দেশে একযোগে শুরু হবে টিকা কার্যক্রম।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সারা দেশে গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৮০ জন। এসময় এ রোগে মারা গেছে ১ জন। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১৪৫ শিশুর মৃত্যু হয়েছে। আর হামে মারা গেছে ২৪ শিশু। হামে আক্রান্ত শিশুর সংখ্যা ২ হাজার ৪৮৯। আর সন্দেহজনক হাম নিয়ে ভর্তি রোগীর সংখ্যা ৯ হাজার ৪৬৩। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়া পাওয়া রোগীর সংখ্যা ৭ হাজার ২২ শিশু।
