চাঁদাবাজির মামলায় খালাস পেলেন সাবেক এমপি মোজাম্মেল
সিলেটের সময় ডেস্ক :
শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হককে ২৫ লাখ টাকা চাঁদাবাজির মামলা থেকে খালাস দিয়েছেন আদালত।
আজ রোববার ঢাকার ১৪তম অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদা আক্তার খালাসের এই রায় ঘোষণা করেন।
এদিকে আইনজীবী মো. লিটন মিয়া জানিয়েছেন, তার বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে। তাই এই মামলায় খালাস পেলেও অন্য মামলায় কারাগারে থাকায় তিনি মুক্তি পাবেন না।
এর আগে গত ১ এপ্রিল এ মামলায় অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। তবে ওইদিন বাদী খলিলুর রহমান আদালতকে জানান, মোজাম্মেলের হকের খালাসে তার আপত্তি নেই। পরে আদালত রায়ের জন্য ৫ এপ্রিল দিন রাখেন।
এদিন আসামিকে আদালতে হাজির করা হয়। তার উপস্থিতিতে আদালত রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পরে তাকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়।
বাদী ব্যবসায়ী খলিলুর রহমানের মামলায় অভিযোগ করা হয়, ২০১৪ সালের জাতীয় নির্বাচনের আগে মোজাম্মেল হক খলিলুর রহমানকে আওয়ামী ও ছাত্রলীগের পালিত লোকজনদের দিয়ে ধানমন্ডির অফিসে ডেকে নেন। নির্বাচনী খরচ বাবদ তার কাছে ২৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। এই টাকা পরিশোধের জন্য খলিলুর রহমানকে তিন দিনের সময় দেন, অন্যথায় তাকে গুম করার হুমকি দেন।
পরবর্তী নির্বাচনে নিজ এলাকা শরীয়তপুরে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবসায়ী সমিতির কাছে নানা অভিযোগ ও হুমকি দিয়ে তার ব্যবসা বন্ধ করতে বাধ্য করেন বলে অভিযোগ করা হয়।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের পর ২০২৪ সালের ২৪ অগাস্ট খলিলুর রহমান আদালতে এই মামলা দায়ের করেন।
গেল বছরের ৫ অক্টোবর ঢাকার নিকেতন থেকে মোজাম্মেল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
