সিলেটে আসছেন প্রধানমন্ত্রী, চলছে প্রস্তুতি
সিলেটের সময় ডেস্ক :
সিলেটে আসছেন প্রধানমন্ত্রী। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করতে ৩০ এপ্রিল সিলেট আসবেন তিনি। দেশব্যাপী আয়োজিত খেলাধুলাভিত্তিক এই প্রতিযোগিতার উদ্বোধনের জন্য সিলেটকেই বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সফর সফল করতে ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে।
এর আগে নির্বাচনী গত ২১ জানুয়ারি সিলেট থেকেই জাতীয় সংসদের নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন তারেক রহমান।
জানা গেছে, ক্রীড়ার সাথে শিশু-কিশোরদের মনযোগ বাড়াতে দেশব্যাপী ফুটবল, ক্রিকেট, হকিসহ ৭টি ইভেন্টে প্রতিযোগিতার উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। এই প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’।
আগামী ৩০ এপ্রিল একই সাথে সারা দেশে এই প্রতিযোগিতার উদ্বোধন হবে। তবে আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য শ্বশুরবাড়ি সিলেটকেই বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওইদিন সিলেট জেলা স্টেডিয়ামে তিনি প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফর ঘিরে শুরু হয়েছে প্রশাসনিক ও দলীয় ব্যস্ততা। প্রাথমিক প্রস্তুতির অংশ হিসেবে গত ৩১ মার্চ জেলা প্রশাসকের কার্যালয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ওই বৈঠকের আয়োজন করে।
পরদিন ১ এপ্রিল সিলেট সফরে আসেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি সিলেট জেলা স্টেডিয়াম ঘুরে দেখেন। এসময় তিনি জেলা স্টেডিয়ামে বেশ কিছু অব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ করেন এবং প্রয়োজনীয় সংস্কার কাজের নির্দেশ দেন।
প্রধানমন্ত্রীর সিলেট সফর উপলক্ষে বিএনপির পক্ষ থেকেও প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। এ প্রসঙ্গে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী জানান, এখনও কেন্দ্র থেকে দলীয় কোন নির্দেশনা পাওয়া যায়নি। তবে প্রধানমন্ত্রীকে সিলেটে বর্ণাঢ্য আয়োজনে বরণ করতে প্রস্তুতি শুরু হয়েছে। ক্রীড়া প্রতিমন্ত্রী সিলেট সফরকালে জেলা স্টেডিয়ামে বেশ কিছু সংস্কারের কাজের নির্দেশনা দিয়ে গেছেন। আগামী ১৫-২০ এপ্রিলের মধ্যে এসব কাজ শেষ হওয়ার কথা।
