রাজধানীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল দুইজনের
রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীতে ট্রাকের চাপায় দুইজন নিহত হয়েছেন। তাদের পরিচয় পাওয়া যায়নি। গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দিবাগত রাতে ঘটনাটি ঘটে।
নিহত দুইজন পুরুষ।
পথচারীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে রাত ২টায় দুইজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নিহত দুইজনের মৃতদেহ দুটি মর্গে রাখা হয়েছে।
পথচারী খায়রুল ও হৃদয় জানিয়েছেন, দক্ষিণ যাত্রাবাড়ী মীরহাজীরবাগ কাঁচাবাজার এলাকায় একটি ট্রাক রিকশাকে চাপা দেয়। এতে দুইজন নিহত হন। তাদের ধারণা, নিহত দুইজন রিকশাচালক ও আরোহী।
