মায়ের পরকীয়া প্রেমিকের গলা কাটলেন ছেলে
সিলেটের সময় ডেস্ক :
নীলফামারীতে মায়ের পরকীয়া প্রেমিককে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ১১টায় সদর উপজেলার টুপামারী ইউনিয়নের কিসামত দোগাছি গ্রামে এ ঘটনা ঘটে।
হত্যার শিকার ওই এলাকার হামিদ হোসেনের ছেলে মতিউল ইসলাম (৪৫)। অভিযুক্ত একই এলাকার একরামুল হকের ছেলে আলামিন ইসলাম (২৩)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কিছুদিন আগে মতিউল ইসলাম ও অভিযুক্ত আলামিনের মা সাহের বানুকে নিয়ে পালিয়ে যান। পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা হলে সাহের বানু পুনরায় সংসারে ফিরে আসেন। তবে ওই ঘটনার জের ধরে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে সাহের বানুর ছেলে আলামিন ইসলাম সঙ্গে মতিউল ইসলামের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে আলামিন ধারালো তামাক কাটার কাস্তে দিয়ে মতিউল ইসলামের গলায় আঘাত করেন। গুরুতর আঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারান মতিউল। এ ঘটনায় অভিযুক্ত আলামিন ইসলাম পলাতক রয়েছে।
এদিকে, ঘটনার পরপরই পুলিশ আলামিনের বাবা একরামুল হক, মা সাহের বানুকে আটক করেছে পুলিশ।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান সাংবাদিকদের জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় নিহতের স্ত্রী চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
