জ্যান্ত মাছসহ মদ পরিবেশন সঞ্জয় দত্তের রেস্তোরাঁয়, নেটিজেনদের তীব্র ক্ষোভ

বিনোদন ডেস্ক ঃ

 

মুম্বাইয়ের আন্ধেরিতে সদ্য চালু হওয়া রেস্টোবার ‘আল্টা স্টেলা’ ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। এই রেস্তোরাঁর সহ-মালিক সঞ্জয় দত্ত। অভিযোগ উঠেছে, এখানে ককটেলের গ্লাসে জ্যান্ত মাছ দিয়ে পরিবেশন করা হচ্ছিল, যা নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে।

ভীরা দেশাই রোডে অবস্থিত এই রেস্তোরাঁটি গত মাসেই যাত্রা শুরু করে।

সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, ককটেলের গ্লাসের ভেতরে একটি নীল রঙের বেট্টা ফাইটার মাছ সাঁতার কাটছে। এই দৃশ্যই নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়। 

অনলাইনে অনেকেই এই ঘটনাকে ‘অমানবিক’ ও ‘নিষ্ঠুর’ বলে আখ্যা দেন। একাধিক সামাজিক মাধ্যম ব্যবহারকারী প্রশ্ন তোলেন—শুধুমাত্র নান্দনিকতা বা ভাইরাল কনটেন্ট তৈরির জন্য একটি জীবন্ত প্রাণীকে এভাবে ব্যবহার করা কতটা গ্রহণযোগ্য।

সমালোচনার মুখে পড়ে অবশেষে রেস্তোরাঁ কর্তৃপক্ষ তাদের মেনু থেকে ওই বিতর্কিত ককটেলটি সরিয়ে নিয়েছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত সঞ্জয় দত্ত বা তাঁর সহ-উদ্যোক্তা অভিমন্যু জাখরের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

ঘটনাটি আবারও খাদ্য পরিবেশন ও নৈতিকতার প্রশ্নকে সামনে নিয়ে এসেছে। সৃজনশীলতার নামে এমন উপস্থাপন কতটা গ্রহণযোগ্য, তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এ বিভাগের অন্যান্য