ইরানের সঙ্গে ঐকমত্যের দাবি ট্রাম্পের, অস্বীকার ইরানের
আন্তর্জাতিক ডেস্ক ঃ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ‘ঐকমত্যের বড় জায়গা’ তৈরি হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা ও ঐকমত্য হওয়ার কথা অস্বীকার করেছে ইরান। এমন খবরকে ‘মিথ্যা কথা’ বলে উল্লেখ করেছে দেশটি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, গতকাল সোমবার এয়ার ফোর্স ওয়ানের পাশে দাঁড়িয়ে এক ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আলোচনা ‘খুবই কার্যকর’ হয়েছে এবং এ প্রক্রিয়ায় তার উপদেষ্টা স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার যুক্ত ছিলেন।
আলোচনার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘দেখা যাক আলোচনা কোন দিকে যায়।’
তিনি আরও বলেন, ‘আমাদের মধ্যে ঐকমত্যের বড় জায়গা রয়েছে এবং আমি বলব যে প্রায় সব বিষয়েই আমরা একমত হয়েছি।’
যুক্তরাষ্ট্র ইরানের ‘একজন শীর্ষস্থানীয় ব্যক্তির’ সঙ্গে কথা বলছে, তবে তিনি নতুন সর্বোচ্চ নেতা নন, যোগ করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি আরও বলেন, ‘আমরা জানি না তিনি (সর্বোচ্চ নেতা) বেঁচে আছেন কি-না।’
এদিকে ইরানের সঙ্গে ‘ফলপ্রসূ আলোচনা’র বরাত দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প যে পাঁচ দিনের জন্য ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি স্থাপনাগুলোতে হামলা স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন -তেহরান ওই আলোচনার কথা অস্বীকার করেছে।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে,‘মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যে সমঝোতা আলোচনার কথা বলেছেন, তা সঠিক নয়।’
বিবিসির মার্কিন পার্টনার সিবিএস নিউজকে উদ্ধৃত করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, ‘ইরান তার অবস্থানে অটল রয়েছে, আর তা হলো যুদ্ধের মাধ্যমে ইরানের লক্ষ্যসমূহ অর্জিত হওয়ার আগে যেকোনো ধরনের আলোচনা প্রত্যাখ্যান করা।
