চট্টগ্রামে ঘরে ঢুকে গুলি, বিএনপি নেতা ও তার মা গুরুতর আহত
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়ন বিএনপি সভাপতির বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে প্রকৌশলী ওসমান (৪২) ও তার মা আছিয়া বেগম (৭০) গুরুতর আহত হয়েছেন।
রবিবার (২২ মার্চ) রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে উপজেলার সরফভাটা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
আহত ওসমান সরফভাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গঞ্জম আলী সরকারের বাড়ির বাসিন্দা এবং ইউনিয়ন বিএনপির সভাপতি।
জানা গেছে, ওসমানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার মায়ের চিকিৎসা স্থানীয়ভাবে চলছে। এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দীন আহমেদ জানান, গুলির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।
