ফেনীতে বাস, অ্যাম্বুল্যান্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

সিলেটের সময় ডেস্ক :

 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় বাস, অ্যাম্বুল্যান্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১১ জন। আজ রবিবার (২২ মার্চ) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী-রামপুর এলাকায় চট্টগ্রাম অভিমুখী একটি লেনের কাজ চলছিল।

এসময় একটি অ্যাম্বুল্যান্স ধীর গতিতে পার হচ্ছিল। এমতাবস্থায় শ্যামলী পরিবহনের একটি বাস অ্যাম্বুল্যান্সটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এ ঘটনায় বাস ও অ্যাম্বুল্যান্স চালকের কথা কাটাকাটি শুরু হলে পেছনে মোটরসাইকেল ও আরো কিছু বাসের জট লেগে যায়। 

তার কিছুক্ষণ পর বেপরোয়া গতিতে আসা দোয়েল পরিবহনের একটি বাস জটলার মধ্যে ধাক্কা দেয়।

এতে একজন মোটরসাইকেল আরোহী, বাসের সুপারভাইজার ও একজন যাত্রী নিহত হন। এ ছাড়া আহত হয়েছেন আরো ১১ জন।মহিপাল হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ আসাদুল ইসলাম কালের কণ্ঠকে জানান, নিহতদের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। এখন পর্যন্ত কারো নাম পরিচয় জানা যায়নি।

ফেনীর সিভিল সার্জন ও ফেনী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক (অতিরিক্ত দায়িত্ব) ডা. রুবাইয়াত বিন করিম কালের কণ্ঠকে জানান, ভোরে আমাদের এখানে সড়ক দুর্ঘটনায় আহতদের নিয়ে আসা হয়। যার মধ্যে তিনজনকে মৃত অবস্থায় আনা হয়। এরমধ্যে গুরুতর আহত তিনজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে। এ ছাড়া গুরুতর আহত একজন ভর্তি আছেন। এ ছাড়া ৭ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

এ বিভাগের অন্যান্য