বিদায় নিলেন ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা

বিনোদন ডেস্ক ঃ

 

বিশ্ববিখ্যাত জাপানি অ্যানিমে সিরিজ ‘ডোরেমন’-এর পরিচালক সুতোমু শিবায়ামা আর নেই। গত ৬ মার্চ ৮৪ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘ দিন ধরে ফুসফুসের ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন এই গুণী শিল্পী। বুধবার তার প্রতিষ্ঠিত অ্যানিমেশন স্টুডিও ‘এশিয়া দো’ আনুষ্ঠানিকভাবে এই শোক সংবাদটি প্রকাশ করেছে।

সুতোমু শিবায়ামা ১৯৮৪ থেকে ২০০৫ সাল পর্যন্ত টানা দুই দশকেরও বেশি সময় ‘ডোরেমন’ টিভি সিরিজের প্রধান পরিচালক হিসেবে কাজ করেছেন। শুধু তাই নয়, ডোরেমনের জনপ্রিয় ২২টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রও তার হাত ধরে তৈরি হয়েছে। নোবিতা, শিজুকা ও ডোরেমন চরিত্রগুলোকে বিশ্বের কোটি কোটি মানুষের কাছে প্রিয় করে তোলার পেছনে তার অবদান অনবদ্য।

১৯৬৩ সালে ‘তোয়েই অ্যানিমেশন’-এ কাজের মাধ্যমে তার পথচলা শুরু হয়।

১৯৭৮ সালে তিনি নিজের অ্যানিমেশন স্টুডিও ‘এশিয়া দো’ প্রতিষ্ঠা করেন। ডোরেমন ছাড়াও তিনি ‘নিনতামা রানতারো’, ‘চিবি মারুকো’ ও ‘কাইকেসু জোরোরি’-র মতো জনপ্রিয় সিরিজ পরিচালনা করেছেন। 

অ্যানিমে শিল্পে অসামান্য অবদানের জন্য ২০১২ সালে তাকে জাপানের ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বিশ্বজুড়ে ডোরেমন ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রিয় ছোটবেলার কারিগরের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। জাপানি অ্যানিমেশন জগতের এই নক্ষত্রের প্রয়াণকে একটি যুগের অবসান হিসেবে দেখা হচ্ছে। 

সূত্র : ইন্ডিয়া টিভি নিউজ

এ বিভাগের অন্যান্য