কাতারে ফের হামলা হলে ইরানের গ্যাসক্ষেত্র উড়িয়ে দেব: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক ঃ

 

কাতারে আবারও হামলা চালানো হলে ইরানের প্রধান গ্যাসক্ষেত্র দক্ষিণ পার্স ভয়াবহভাবে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এ হুমকি দেন।

পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরানের দক্ষিণ পার্স গ্যাসক্ষেত্রে ইসরায়েলের চালানো হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র ‘কিছুই জানত না’। তিনি বলেন, ইসরায়েল ‘রাগের বশে’ ওই হামলা চালিয়েছে এবং এতে পুরো স্থাপনার তুলনায় একটি ‘সামান্য অংশ’ ক্ষতিগ্রস্ত হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ইরান প্রকৃত সত্য না জেনেই কাতারের রাস লাফান এলএনজি গ্যাস স্থাপনায় যে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে তা ছিল ‘অন্যায্য এবং অযৌক্তিক’।

দক্ষিণ পার্স গ্যাসক্ষেত্রটিকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মূল্যবান’ হিসেবে বর্ণনা করে ট্রাম্প বলেন, ইসরায়েল সেখানে আর হামলা চালাবে না।

তবে ইরানকে সরাসরি সতর্ক করে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, ‘যদি তেহরান পুনরায় কাতারে হামলা চালায়, তবে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওই গ্যাস ক্ষেত্রটিকে এমন শক্তি দিয়ে গুঁড়িয়ে দেবে, যা ইরান আগে কখনো দেখেনি বা কল্পনাও করেনি।’

তিনি আরও বলেন, ‘আমি এই পর্যায়ের ধ্বংসযজ্ঞের অনুমতি দিতে চাই না। কারণ এর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব রয়েছে। কিন্তু কাতারের এলএনজি স্থাপনায় যদি আবারও আক্রমণ করা হয়, তবে আমি এটি করতে এক মুহূর্তও দ্বিধা করব না।’

এর আগে কাতার এনার্জি জানিয়েছিল, দেশটির রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ব্যাপক অগ্নিকাণ্ড ও ক্ষয়ক্ষতি হয়েছে।

হামলার কয়েক ঘণ্টা আগেই ওই স্থাপনা খালি করা হয়েছিল। কারণ ইরান আগেই ঘোষণা দিয়েছিল, তাদের গ্যাসক্ষেত্র লক্ষ্য করে চালানো হামলার জবাবে উপসাগরীয় কো-অপরেশন কাউন্সিল (জিসিসি) অঞ্চলের এই স্থাপনাসহ আরও চারটি স্থাপনায় হামলা চালানো হবে।

উল্লেখ্য, ইরান ও কাতারের যৌথ মালিকানাধীন ‘সাউথ পার্স’ বিশ্বের বৃহত্তম গ্যাসক্ষেত্র এবং এটি ইরানের অভ্যন্তরীণ জ্বালানি শক্তির সবচেয়ে বড় উৎস। সূত্র: দ্য গার্ডিয়ান

এ বিভাগের অন্যান্য