৪৮ ঘণ্টায় পদ্মা সেতুতে প্রায় ৯ কোটি টাকা টোল আদায়
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলায় পদ্মা সেতু হয়ে ঘরমুখো যাত্রী ও যানবাহন পারাপার বেড়েছে। গত ৪৮ ঘণ্টায় পদ্মা সেতুর দুই প্রান্ত দিয়ে ৮০ হাজার ৪০২টি যানবাহন পারাপার হয়েছে। এতে প্রায় ৯ কোটি টাকা টোল আদায় হয়েছে।
সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সেতু পারাপারে কোনো বাড়তি চাপ না থাকায় গাড়ির গতি স্বাভাবিক রয়েছে।
সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, মাওয়া প্রান্ত দিয়ে সবচেয়ে বেশি যানবাহন চলাচল করেছে। দুই দিনে এই প্রান্ত দিয়ে মোট ৫৩ হাজার ৩৫৮টি যানবাহন সেতুতে ওঠে।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পদ্মা সেতু এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী তৎপর রয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং যাত্রী হয়রানি রোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলে জানান তিনি।
পদ্মা সেতুর সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ জানান, সকাল থেকে যানজটমুক্তভাবে সব গাড়ি পার হচ্ছে।
