প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, ‘আমাদের অঞ্চলের অনেক মানুষ মধ্যপ্রাচ্যে কর্মরত রয়েছে। চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে তারা অনেক কষ্টে আছে। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে সরকার। কূটনীতি ও পররাষ্ট্রনীতির মাধ্যমে আমরা চেষ্টা করছি, তারা যেন নিরাপদে থাকতে পারে।
মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ গ্রামে সাবেক ইউপি চেয়ারম্যান ইমামুল হোসেন তারা মিয়ার বাড়িতে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘স্বল্প সময়ের মধ্যেই সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে।
শামা ওবায়েদ বলেন, ‘আপনাদের সন্তান হিসেবে আমিও আমার দেওয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করব। আমি যখন সংসদে বসি, তখন মনে হয় আমি সালথা-নগরকান্দার সব মানুষকে নিয়েই সেখানে উপস্থিত আছি। এখন সময় দল-মত-নির্বিশেষে সবার উন্নয়নে কাজ করার। ঝগড়া-বিবাদ নয়, বরং মানুষের কল্যাণে কাজ করতে হবে।
গট্টি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইমামুল হোসেন তারা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহিন মাতুব্বর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাসার আজাদ প্রমুখ।
