বাংলাদেশের বিপক্ষে হারের দায় কার ওপর চাপালেন আফ্রিদি
পাকিস্তান জাতীয় দলের সাম্প্রতিক ব্যর্থতা নিয়ে এবার সরব হয়েছেন দেশটির সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্স এবং এরপর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের নির্বাচক কমিটির কঠোর সমালোচনা করেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় আফ্রিদি বলেন, নির্বাচকরা ঠিকমতো বুঝতে পারছেন না কোন ফরম্যাটে কাকে অধিনায়ক করা উচিত। তার মতে, সাম্প্রতিক ব্যর্থতার বড় দায় নির্বাচক কমিটিরই।
আফ্রিদি বলেন, ‘সার্জারির নামে অনেক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এমন সব তরুণ খেলোয়াড়কে দলে নেওয়া হচ্ছে যারা মাত্র কয়েকটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছে।
তিনি আরো বলেন, অভিজ্ঞ ক্রিকেটারদেরও অবমূল্যায়ন করা হচ্ছে। অনেক সিনিয়র খেলোয়াড় ওয়ানডে ক্রিকেটে ভালো পারফরম্যান্স করলেও পুনর্গঠনের অজুহাতে তাদের দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
আফ্রিদির মতে, পরিকল্পনা ছাড়া বারবার নতুন খেলোয়াড়কে সুযোগ দেওয়ায় দলের স্থিতিশীলতা নষ্ট হচ্ছে। তার ভাষায়, ‘বারবার নতুন খেলোয়াড়কে পাকিস্তানের ক্যাপ দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে পাকিস্তান। ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শেষ ম্যাচে বাংলাদেশ ১১ রানে জয় পেয়ে সিরিজ নিশ্চিত করে।
সে ম্যাচে আগে ব্যাট করে বাংলাদেশ ৫০ ওভারে ৫ উইকেটে ২৯০ রান তোলে। দলের হয়ে তানজিদ হাসান ১০৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। এছাড়া লিটন দাস ৪১ ও তাওহিদ হৃদয় অপরাজিত ৪৮ রান করেন।
জবাবে ব্যাট করতে নেমে সালমান আলী আঘা ১০৬ রানের লড়াকু ইনিংস খেললেও পাকিস্তান শেষ পর্যন্ত ২৭৯ রানে অলআউট হয়ে যায়। ফলে ১১ রানের জয় নিয়ে সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ।
