মাথার খুলি ও হাড়সহ গ্রেপ্তার ৪ জন কারাগারে
সিলেটের সময় ডেস্ক :
ঢাকার তেজগাঁও থানা এলাকা থেকে ৪৭ টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ গ্রেপ্তার সংঘবদ্ধ মানব কঙ্কাল পাচারচক্রের চার সদস্যকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম এ আদেশ দিয়েছেন।
আসামিরা হলেন কাজী জহরুল ইসলাম ওরফে সৌমিক, মো. আবুল কালাম, আসাদুল মুন্সী ওরফে জসিম ওরফে এরশাদ এবং ফয়সাল আহম্মেদ।
মামলার তদন্তকারী কর্মকর্তা, তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন নাফিস আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
মামলার বিবরণ থেকে জানা যায় , তেজগাঁও থানা এলাকার আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মনিপুরীপাড়ার ১ নম্বর গেটের সামনে কবরস্থান থেকে মানব কঙ্কাল সংগ্রহ করে বিক্রি করার উদ্দেশ্যে একজন ব্যক্তি অবস্থান করছেন। ওই সংবাদের ভিত্তিতে গত রোববার রাত পৌনে ২টার দিকে অভিযান চালিয়ে কাজী জহুরুল ইসলাম ওরফে সৌমিককে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মানব কঙ্কাল উদ্ধার করা হয়।
পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার সকাল ৭টা ১০ মিনিটের দিকে তেজগাঁও কলেজের সামনে অভিযান চালিয়ে আবুল কালাম ও আসাদুল মুন্সীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুইটি মানব কঙ্কাল উদ্ধার করা হয়।
এরপর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে, সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে দেশের বিভিন্ন কবরস্থান থেকে অবৈধভাবে গোপনে কবর খুড়ে মানব কঙ্কাল চুরি করে রাখা উত্তরা পশ্চিম থানাধীন ‘স্যাপ্পোরো ডেন্টাল কলেজ অ্যান্ড হাসপাতাল’-এর হোস্টেলে অভিযান চালিয়ে ফয়সালকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ছড়ানো ছিটানো অবস্থায় ৪৪টি মানব কঙ্কাল উদ্ধার করা হয়।
এ ঘটনায় তেজগাঁও থানার এসআই মিরাজ উদ্দিন আজ মামলা দায়ের করেন।
