বাহরাইনে ড্রোন হামলায় বাংলাদেশি প্রবাসী নিহত
বাহরাইনে ড্রোন হামলায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মো. তারেক (৫৫) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহতের খবর পাওয়া গেছে। সোমবার (২ মার্চ) বাংলাদেশ সময় ভোর ৫টা (বাহরাইন সময় রবিবার দিবাগত রাত ২টা) বাহরাইনের আল হিদ ড্রাইডক এলাকায় অবস্থিত আরব শিপবিল্ডিং অ্যান্ড রিপেয়ার ইয়ার্ডে কর্মরত অবস্থায় এ ঘটনা ঘটে। শিপইয়ার্ডটি মিনহাজ সালমান এলাকায় যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটির পাশেই অবস্থিত বলে জানা গেছে।
নিহত সন্দ্বীপের আজিমপুর এলাকার পাহাড়েরগো বাড়ির মৃত ছায়েদুল হকের ছেলে।
একই প্রতিষ্ঠানে কর্মরত নিহতের জেঠাতো ভাই নুর হোসেন বেলাল মোবাইলে কালের কণ্ঠের প্রতিনিধিকে বলেন, ‘আমি সামান্য দূরে কর্মরত ছিলাম, বিস্ফোরণের শব্দ শোনার পর ঘটনাস্থলে গিয়ে জাহাজের ভেতরে ড্রোনের ছিটকে পড়া অংশ দেখতে পাই।
প্রায় ২৭ বছর ধরে তারেক বাহরাইনে কর্মরত ছিলেন। দীর্ঘ প্রবাসজীবনে তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন বলে জানা গেছে।
তার চাচাতো ভাই, রাউজান পূবালী ব্যাংকের ম্যানেজার মো. শামসুল ইসলাম জানান, এখনো তার পরিবারের সদস্যদের কাছে মৃত্যুসংবাদ জানানো হয়নি; তারা তাঁকে হাসপাতালে চিকিৎসাধীন বলেই জানেন।
